শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কাজী নজরুল ইসলাম অনূদিত ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’

কাজী নজরুল ইসলাম অনূদিত ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’

বিজ্ঞাপন
পারস্যের কাস্পিয়ান নদীর তীরঘেঁষা পৃথিবীর প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ ইরানের সবচেয়ে বড় আকর্ষণ হলো সেখানকার শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। বলা যায়, মিসরীয় সভ্যতার পর থেকেই ইরানের ঐতিহ্যের ধারাবাহিকতা বহাল রয়েছে। সেই ধারাবাহিকতার আরেক প্রতিফলন ও উদাহরণ হলেন ওমর খৈয়াম। যিনি ছিলেন মধ্যযুগের অন্যতম (পারসিক) বিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও কবি। যাঁর কবিতায় জীবনের নশ্বরতা, অস্তিত্বের রহস্য সম্পর্কে ব‍্যাপক জ্ঞান বিস্তার এবং প্রকৃতির রূপের সঙ্গে গভীর দার্শনিকতা, সংশয়বাদ তথা সুফিচিন্তার প্রকাশ ঘটেছে।
ওমর খৈয়ামের বিখ্যাত কবিতা দিয়ে শুরুটা এভাবেই করি। তাঁর চিরন্তন পঙক্তি :
‘রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে
থাকবে শুধু বই, সেতো অনন্ত যৌবনা।’
এই বিখ্যাত কবিতার চরণের স্রষ্টা পারস্যের কবি, প্রেম ও বিরহের কবি ওমর খৈয়াম (১৮ মে ১০৪৮—৪ ডিসেম্বর ১১৩১)। পুরো নাম গিয়াসউদ্দিন আবুল‌ ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল-খৈয়াম নিশাপুরি। তিনি শুধু একজন কবিই ছিলেন না। তিনি ছিলেন পৃথিবীর বিখ্যাত গণিতবিদ, দার্শনিক ও একজন খ্যাতিমান জ্যোতির্বিদ।
ওমর খৈয়ামের পিতা ছিলেন তাঁবুর কারিগর এবং একজন মৃৎশিল্পী। যে শিল্পী মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, তাকে সাধারণত ‘কুমোর’ বা ‘মৃৎশিল্পী’ বলা হয়।
ওমর খৈয়াম ছোটবেলায় বালি শহরে সে সময়কার বিখ্যাত পণ্ডিত শেখ মুহাম্মদ মানসুরীর তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেন। যুবক বয়সেই তিনি সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর বীজগণিতের গুরুত্বপূর্ণ ‘Treatise on Demonstration of Problems of Algebra’ গ্রন্থে তিনি ত্রিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেন। এই পদ্ধতিতে একটি পরাবৃত্তকে বৃত্তের ছেদক বানিয়ে ত্রিঘাত সমীকরণের সমাধান করা হয়। একইভাবে ইসলামি বর্ষপঞ্জি সংস্কারেও ওমরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁর কাব্যসমগ্রের বেশির ভাগই রচিত চতুষ্পদী কবিতা হিসেবে। সেই সুবাদে সেসব কবিতা বিশ্বে ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ অর্থাৎ ওমর খৈয়ামের রুবাইয়াৎ হিসেবে খ‍্যাতি অর্জন করেছে।
তবে সুউজ্জ্বল কাব্য-প্রতিভার আড়ালে তাঁর গাণিতিক ও দার্শনিকতা এবং বিজ্ঞানী হিসেবে বিরাট ভূমিকার অনেকখানি ঢাকা পড়ে আছে। এমনও জনশ্রুতি রয়েছে, ‘রনে দেকার্ত’-এর আগে ওমরই প্রথম বিশ্লেষণী জ্যামিতি এবং স্বাধীনভাবে গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেন। বীজগণিতে ত্রিঘাত সমীকরণের সমাধানও তিনি প্রথম আবিষ্কার করেন।
বহুমুখী প্রতিভার দৃষ্টান্ত খুঁজতে গেলে বিশ্বসাহিত্য কিংবা ইতিহাসে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের মধ্যে ওমর খৈয়াম অন্যতম ও শীর্ষস্থানীয়। মধ্যযুগের বিখ্যাত মুসলিম মনীষা জামাখশারি ‘ওমর খৈয়াম’কে ‘বিশ্ব দার্শনিক’ হিসেবে বর্ণনা করেছেন।
ইরান ও পারস্যের বাইরে ওমরের বড় পরিচয় কবি হিসেবে। তাঁর বিশাল কাব্যসম্ভার এবং আরও আছে অমর সৃষ্টি বিখ্যাত রুবাইয়াৎ তথা চতুষ্পদ কবিতা। ওমরের অনবদ্য সৃষ্টি রুবাইয়াৎ বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়েছে। যার ফলে ওমর খৈয়ামের পরিচিতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ হাজার বছর আগে আরবের পথে-প্রান্তরে ভেসে বেড়ানো আরবীয় কাব্য (কাসিদা) থাকত মরুভূমির বাসিন্দাদের (বেদুইন) মুখে মুখে।
আরবের কিংবদন্তি কবি ইমরুল কায়েসের কবিতা পৃথিবীর শ্রেষ্ঠতম কাব্যসৃষ্টির অনন্য উদাহরণ। তেমনি ওমর খৈয়ামের রুবাইয়াৎ বিশ্বের আধুনিক কবিদের মনের খোরাক। যাঁদের কবিতার মধ্যে ধর্মীয় কুসংস্কার ও কট্টর মানববিদ্বেষী কোনো উসকানিমূলক বক্তব্য নেই। আছে বিশ্বের কাব্যপ্রেমীদের হৃদয়ের গভীর থেকে তুলে আনা পরমতম অনুভূতির প্রস্ফুটন কিংবা কঠিন রহস্য উদ্ঘাটনের কোনো সম্ভাবনার দ্বার উন্মোচনের ইঙ্গিত।
কিন্তু ইরানের শ্রেষ্ঠতম কবিদের অন্যতম কবি ওমর খৈয়ামের রুবাইয়াৎ পারসিক কবিতার মধ্যেই শ্রেষ্ঠত্ব অর্জন করেনি; বরং তাঁর কবিতার ক‍্যারিশমাটিক শব্দ চরিত্রের রূপ পৃথিবীতেও অনশ্বর ও শ্রেষ্ঠত্বের প্রতীক। বিশেষ করে, আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলোতে তাঁর কবিতার প্রভাব সবচেয়ে বেশি। ইংরেজ মনীষী ‘টমাস হাইড’, যিনি প্রথম ওমর খৈয়ামের সাহিত্য-প্রতিভা সম্পর্কে গবেষণা করেন। তবে এটা অনস্বীকার্য, বহির্বিশ্বে তাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তোলেন ‘এডওয়ার্ড ফিটজেরাল্ড’। তিনি প্রথমে ওমর খৈয়ামের ছোট ছোট কবিতা বা ‘রুবাই’গুলোকে ইংরেজিতে অনুবাদ করেন এবং সেগুলো ‘রুবাইয়্যায়-এ-ওমর খৈয়াম’ নামে প্রকাশ করেন।
বাংলা ভাষায় বিদ্রোহী কবি ‘কাজী নজরুল ইসলাম’ ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ নামে ওমরের বেশ কিছু কবিতা অনুবাদ করেন। বাংলায় অনুবাদ সংক্রান্ত এই অসাধারণ কাজটি নজরুলের দ্বারা কীভাবে সম্ভব হয়েছে, তা ছিল রীতিমতো বিস্ময়কর। শুধু তা-ই নয়, এই অনুবাদের মাধ্যমে বিভিন্ন ভাষায় নজরুলের মেধা ও দক্ষতার ওপর বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটেছে। রুবাইয়াৎ অনুবাদ করার পর কাজী নজরুল ইসলাম সে সম্পর্কে একটি দীর্ঘ ভূমিকা দিয়েছেন।
ওমর খৈয়াম সম্পর্কে কাজী নজরুল ইসলামের মন্তব্য হলো : ‘ওমরকে Epicurean কতকটা বলা যায় শুধু তাঁর ‘কুফুরিয়া’ শ্রেণির কবিতার জন্য। এ ছাড়া ওমর যা, তা-ই। তিনি তাঁর নীতিবোধ থেকে কিঞ্চিৎ নড়েননি। আধুনিক মনন ও সৃজনশীলতার প্রশ্নে ওমর ছাড়া আর কারও সঙ্গে তুলনা হয় না।
ওমরের কাব্যে শারাব-সাকির ছড়াছড়ি থাকলেও তিনি তাঁর জীবনে ছিলেন আশ্চর্য রকমের সংযমী। তাঁর কবিতায় যেমন ভাবের প্রগাঢ়তা, অথচ সংযমের আঁটসাঁট বাঁধুনি, তাঁর জীবনও ছিল তেমনি।’
ভূমিকায় নজরুল আরও বলেন, ‘আমি ওমরের রুবাইয়াৎ বলে প্রচলিত প্রায় এক হাজার থেকেই কিঞ্চিদধিক রুবাই থেকে বেছে নিয়েছি; এবং তা ফার্সি ভাষার রুবাইয়াৎ থেকে।’
শুধু তা-ই নয়, নজরুল খুবই বিচক্ষণতার সঙ্গে রুবাইয়াৎ অনুবাদ করেছেন। এ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি ওস্তাদি দেখাবার জন্য ওমর খৈয়ামের ভাব-ভাষা বা স্টাইলকে বিকৃত করিনি—অবশ্য আমার সাধ্যমতো। এর জন্য আমার অজস্র পরিশ্রম করতে হয়েছে, বেগ পেতে হয়েছে। কাগজ-পেন্সিলের, যাকে বলে আদ‍্যশ্রাদ্ধ, তা-ই করে ছেড়েছি। ওমরের রুবাইয়াতের সবচেয়ে বড় জিনিস ওর প্রকাশের ভঙ্গি ও ঢঙ্।’
তিনি আরও বলেন, ‘ওমরের রুবাইয়াৎ বা চতুষ্পদী হলেও তার চারটি পদই ছুটেছে আরবি ঘোড়ার মতো দৃপ্ত তেজে সমতালে—ভণ্ডামি, মিথ্যা বিশ্বাস, সংস্কার, বিধিনিষেধের পথে ধূলি উড়িয়ে তাদের বুক চূর্ণ করে।’
এ ছাড়া কলকাতা থেকে প্রকাশিত সৈয়দ মুজতবা আলীর লেখা ভূমিকা সংবলিত নজরুল অনূদিত ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ সচিত্র প্রথম সংস্করণ (১৩৬৬ পৌষ মোতাবেক ১৯৫৯ ডিসেম্বর) প্রকাশিত হয়। চার বছর পর কলকাতার ‘স্ট্যান্ডার্ড পাবলিশার্স’ পরিবেশিত দ্বিতীয় সংস্করণ (১৩৭০) একাধিকবার প্রকাশিত হয়। একইভাবে ‘ওমরের কাব্য ও দর্শন’ এবং ‘নজরুল-রচনাসম্ভার’ শিরোনামে প্রকাশিত হয়।
এ ছাড়া ‘মওলানা আকরম খাঁ’ সম্পাদিত কলকাতার ‘মাসিক মোহাম্মদী’তে নজরুলের আরও কিছু রুবাইয়াৎ অনুবাদ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সেখানে রুবাইয়াৎ-এর অনুবাদ এরূপ :
‘পূর্বাশায় ঐ মিহির হানে তিমির-বিদার কিরণ-তীর,/ কায়খসরুর লাল পিয়ালায় ঝরছে যেন মদ জ্যোতির।/ ভোরের শুভ্র বেদীতলে ডাক দিয়ে কয় মোয়াজ্জিন,/ জাগো জাগো প্রসাদ পেতে ঊষার ঘটের লাল পানির।’
(রু-ওমর খৈয়াম : পৃষ্ঠা-৫৩)
‘নজরুল ইসলাম ও ওমর খৈয়াম’ শিরোনামের দীর্ঘ ভূমিকায় (১৫ পৃষ্ঠা) মুজতবা আলী লিখেছেন, “কাজী রোমান্টিক কবি। বাংলা দেশের জল-বাতাস, বাঁশ-ঘাস যে রকম তাঁকে বাস্তব থেকে স্বপ্নালোকে নিয়ে যেত, ঠিক তেমনি ইরান-তুরানের স্বপ্নভূমিকে তিনি বাস্তবে রূপান্তরিত করতে চেয়েছিলেন বাঙলা কাব্যে। ইরানে তিনি কখনও যাননি, সুযোগ পেলেই যে যেতেন, সেকথাও নিঃসংশয়ে বলা যায় না।
কিন্তু ইরানের গুল্-বুলবুল, সিরাজীর-সাকি তাঁর চতুর্দিকে এমনই কী জানা-অজানার ভুবন সৃষ্টি করে রেখেছিল যে গাইড-বুক, টাইম-টেবিল ছাড়াও তিনি তার সর্বত্র অনায়াসে বিচরণ করতে পারতেন। গুণীরা বলেন, প্রতে‍্যক মানুষেরই দুটি করে মাতৃভূমি—একটি তাঁর আপন জন্মভূমি ও দ্বিতীয়টি ফ্রান্স। কাজীর বেলা বাঙলা ও ইরান। কিটস-বায়রন বেলা যে রকম ইংল্যান্ড ও গ্রিস।
আরবভূমির সঙ্গে কাজী সায়েবের যেটুকু পরিচয়, সেটুকু প্রধানত ইরানের মারফতেই।
কোরান শরীফের ‘হারানো ইউসুফের’ যে করুণ কাহিনী বহু মুসলিম-অমুসলিমের চোখের জল টেনে এনেছে তিনি (নজরুল) কবিরূপে তার সঙ্গে পরিচিত হয়েছেন ফার্সি কাব্যের মারফতে।”
‘দুঃখ করো না, হারানো য়ুসুফ।
কামানে আবার আসিবে ফিরে।
দলিত শুষ্ক এ মরু পুন
হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে।’
—(রু-ওমর খৈয়াম : পৃষ্ঠা-৫৫)।
নজরুল অনূদিত ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’-এর (১৫ পৃষ্ঠার) প্রবল সাহিত্যধর্মী ভূমিকায় সৈয়দ মুজতবা আলী নজরুলের বহুমুখী প্রতিভার উত্তরোত্তর বিকাশের দীর্ঘ আলোচনা করেন। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে উল্লেখ করেন, ‘নজরুলের সাহিত্যের আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি তাঁর অনবদ্য অনুবাদও ছিল অসাধারণ ও বিস্ময়কর।’
জ্ঞান-বিজ্ঞানে ওমর খৈয়ামের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি বিশ্বব্যাপী কিংবদন্তি হয়ে আছে। একইসঙ্গে কাব্য সাহিত্যের ইতিহাসেও ওমরের ঈর্ষণীয় অবদানের স্বীকৃতির সমর্থন রয়েছে। সৈয়দ মুজতবা আলীর ভূমিকায় সেই কথাটি বারবার উচ্চারিত হয়েছে। ওমর সব সময় ছিলেন নিষ্ঠাবান এবং আধুনিক মনোভাবের। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধেও তাঁর সোচ্চার ভূমিকা রেখেছিলেন। এই মনোভাবের দরুন ওমর খৈয়াম শত শত চতুষ্পদী রুবাইয়াৎ রচনা করেন।
কোনো কোনো ধর্মগুরুর কাছে সেসব রুবাইকে কুফুরির সঙ্গে তুলনা করার চেষ্টাও করা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে ওমর খৈয়াম ছিলেন অত্যন্ত দৃঢ় ও সাহসী। তিনি তাঁর নীতি থেকে বিন্দুমাত্র সরে যাননি। ফলে সাহিত্যিক মহলে তাঁকে কুপোকাত করা কিংবা তাঁকে অতিক্রম করা কারও পক্ষে সম্ভব ছিল না।
ওমর খৈয়ামের জীবনদর্শন এবং তাঁর নৈতিক অবস্থান এটাই সুদৃঢ় ছিল যে, কাজী নজরুল ইসলাম তাঁর ভূমিকায় আরও স্পষ্টভাবে বলেছেন :
‘ওমরের রুবাইয়াতের মতবাদের জন্য তাঁর দেশের ধর্মগোঁড়াদের অত‍্যন্ত আক্রোশ ছিল, তবু তাঁকে দেশের শ্রেষ্ঠ জ্ঞানী বলে সম্রাট থেকে জনসাধারণ পর্যন্ত ভক্তির চোখে দেখত। সে শ্রেষ্ঠ মনীষীরা ওমরের ছাত্র ছিলেন; কাজেই, মনে হয়, তিনি মদ‍্যপ লম্পটের জীবন (ইচ্ছা থাকলেও) যাপন করতে পারেননি। তা ছাড়া ওভাবে জীবনযাপন করলে গোঁড়ার দল তা লিখে রাখতেও ভুলে যেতেন না। অথচ তাঁর সবচেয়ে বড় শত্রুও তা লিখে যাননি।’
এই সুদৃঢ় নৈতিকতা ও সাহসী মনোভাবের জন্য কাজী নজরুল ইসলাম ওমরের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন, তিনি সম্পূর্ণরূপে তাঁর (ওমরের) সাহিত্যদর্শনকেও সম্মানজনক মর্যাদায় অভিষিক্ত করেছিলেন।
সৈয়দ মুজতবা আলী বলেন, ‘আমিও ওমরের সামান্যতম ঐতিহাসিক পটভূমি নির্মাণ করার চেষ্টা করছি এবং তা-ও শুধু ওমরের বিদ্রোহী মনোভাব দেখাবার জন্য—কারণ ওইখানেই নজরুল ইসলামের সঙ্গে তিনি সখ্যসূত্রে আবদ্ধ হয়েছেন।’
ওমরের প্রধান বিদ্রোহ ধর্মগুরুদের বিরুদ্ধে :
‘খাজা! তোমার দরবারে মোর একটি শুধু আর্জি এই/ থামাও উপদেশের ঘটা, মুক্তি আমার এই পথেই।/ দৃষ্টি-দোষে দেখছ বাঁকা আমার এই পথেই,
আমায় ছেড়ে ভালো করো, ঝাপসা তোমার চক্ষুকেই।’
(কাজী সাহেবের অনুবাদ)।
একইভাবে ইংরেজ কবি কার্নের অনুবাদ :
O master! grant us only this, we prithee:
Preach not! But mutely guide to bliss. We prithee!
ÔWe walk not straight- Ñ Nay, it is thou how squintest!
Go, heal thy sight, and leave us in peace. We prithee!
(রু-ওমর খৈয়াম : পৃষ্ঠা-৬৬)।
জ্ঞান-বিজ্ঞানে ওমর খৈয়ামের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করিয়ে সৈয়দ মুজতবা আলী উল্লেখ করেন, “ইরানের অধিকাংশ গুণীই একমত যে, ওমর তাঁর জীবনের প্রায় সব সময়টুকুই কাটিয়েছেন বিজ্ঞানচর্চায় এবং অতি অল্প সামান্য সময় ‘নষ্ট’ করেছেন কাব্যলক্ষ্মীর আরাধনায়। তাই দীর্ঘ কবিতা লেখার ফুরসত তাঁর হয়ে ওঠেনি—এমনকি রুবাইগুলোও গীতিরস দিয়ে সরস করবার প্রয়োজন তিনি অনুভব করেননি।”
—(রু. ওমর খৈয়াম : পৃষ্ঠা-৬৫)।
অবশ্য মুজতবা আলীর এই মন্তব্যের বিরোধিতা করে অধিকাংশ ইতিহাসবিদ লিখেছেন, ওমর খৈয়াম রচিত রুবাইয়াতের সংখ্যা ছিল অনেক বেশি এবং যার পরিমাণ ছিল অসংখ্য।
নজরুল অনূূদিত রুবাইয়াৎকে বিশ্লেষণ করে দেখা গেছে, নজরুল অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। যেমন :
“মুগ্ধ করো নিখিল হৃদয় প্রেম নিবেদন কৌশলে,
হৃদয়-জয়ী হে বীর, উড়াও নিশান প্রিয়ার অঞ্চলে!
এক হৃদয়ের সমান নহে লক্ষ মসজিদ আর ‘কাবা’;
কী হবে তোর তীর্থে ‘কাবা’র শান্তি খোঁজ হৃদয়-তলে।”...
“দুঃখে আমি মগ্ন প্রভু, দুয়ার খোলো করুণার! আমায় করো তোমার জ্যোতি, অন্তর মোর অন্ধকার।
স্বর্গ যদি অর্জিতে হয় একই পরিশ্রম করে—
সে ত আমার পারিশ্রমিক, নয় সে দয়ার দান তোমার।”
(রু. ওমর খৈয়াম : পৃ-৩৬)।
“মসজিদের ঐ পথে ছুটি প্রায়ই আমি ব‍্যাকুল প্রাণ,
নামাজ পড়ার নয় তা বলে, খোদার কসম! সত্যি মান।
নামাজ ছিঁড়ে যায় সেখানা, যাই করতে চুরি আরেকখান।”
(রু. ওমর খৈয়াম : পৃ-৩৫)।
আশ্চর্যের বিষয়, নজরুল কীভাবে এই ফারসি ভাষার ওপর এতটা পারদর্শী হয়েছিলেন। সেনাবাহিনীর চাকরিতে (মাত্র সতেরো বছর বয়সে) বাঙালি পল্টনে থাকাকালীন (মাত্র তিন মাস বা তারও অধিক সময়) তিনি নিজে নিজে ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষার চর্চা করেন এবং যথেষ্ট দক্ষতা ও ব্যুৎপত্তি অর্জন করেন।
নজরুলের অনূদিত রুবাইয়াতের বাংলা অনুবাদ এতটাই মানসম্পন্ন যে, নজরুলকে অতিক্রম করা কারও পক্ষে সম্ভব হয়নি। যেমন তিনি অনুবাদ করেছেন :
‘প্রেমের চোখে সুন্দর সেই হোক কালো কি গৌর-বর্ণ
পরুক ওড়না রেশমি কিংবা পরুক জীর্ণ দীন বসন।
থাকুক শুয়ে ধুলোয় সে কি থাকুক সোনার পালঙ্কে,
নরকে সে গেলেও প্রেমিক করবে সেথায় অন্বেষণ।’
(রু. ওমর খৈয়াম : পৃ-৩০)।
মূল ফারসি থেকে নজরুলই শুধু রুবাইয়াৎ অনুবাদ করেননি। এ ছাড়া (নজরুলের পরে কিংবা আগে) ‘সত্যেন দত্ত’ ও ‘কান্তি ঘোষ’ প্রচুর রুবাইয়াৎ বাংলায় অনুবাদ করেছেন। তাঁদের অনুবাদও বেশ পোক্ত। এ ছাড়া মূল ফারসি থেকে রুবাইয়াতের বাংলা অনুবাদে ‘সুবাস মুখোপাধ্যায়ের’ কথাও উল্লেখ আছে।
সৈয়দ মুজতবা আলী তাঁর ভূমিকায় উল্লেখ করেন :
‘ওমরকে যখন (তৎকালীন রাজা) নিজাম-উল-মুল্ক উচ্চ পদ দিতে চাইলেন তখন তিনি তা প্রত্যাখ্যান করে নির্জনে অনটনবিহীন জীবনযাপনের সুবিধাটুকু মাত্র চাইলেন। এ তো জানা কথা।’
এখানে কান্তি ঘোষের রুবাইয়াৎ অনুবাদের দৃষ্টান্ত দেওয়া হলো :
‘যে ব‍্যক্তি স্বর্গ-সুখ বলতে বোঝে,—
সেই নিরালা পাতায় ঘেরা বনের ধারে
শীতল ছায়,
খাদ‍্য কিছু পেয়ালা হাতে ছন্দ গেঁথে দিনটা যায়।
মৌন ভঙ্গি মোর পাশেতে গুঞ্জে তব মঞ্জু সুর—
সেই তো সখী স্বপ্ন আমার, সেই বনানী স্বর্গপুর।’
(কান্তি ঘোষের রুবাইয়াৎ অনুবাদ : ৬৪)।
কিংবা—
‘আমার সাথে আসবে যেথায়—দূর সে রেখে শহরগ্রাম/ এক ধারেতে মরু তাহার, আর একদিকে শম্প শ‍্যাম।
বাদশা-নফর নাইকো সেথা—রাজ্য-নীতির চিন্তা-ভার;/ মামুদ শাহ?—দূরে থেকেই করব তাঁকে নমস্কার।’
(কান্তি ঘোষের রুবাইয়াৎ অনুবাদ : ৬৪)।
ওমর খৈয়ামের যশ ও খ্যাতি প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলী আরও লিখেছেন :
“তার রাজপদ নিয়ে কী হবে? নিজাম-উল্-মুল্ক বিচক্ষণ লোক ছিলেন, বুঝতে পারলেন, ওমরের খ্যাতি-প্রতিপত্তি প্রত‍্যাখ‍্যান মৌলিক বিনয় নয় এবং তাঁর জন্য সচ্ছল জীবনযাত্রার ব‍্যবস্থা করে দিলেন। কবিও কখনও তাঁর মত পরিবর্তন করেননি। বস্তুত তাঁর কাব্যের মূল সুর এটিই।
কিছুদিনের মধ্যেই ডাক পড়ল রাজদরবারে—পঞ্জিকা সংশোধন করে দেবার জন্য। ‘ইরানিদের নরোজ’ বা নববর্ষ আসে বসন্ত ঋতুতে, কিন্তু বহু শত বৎসর লিপ-ইয়ার গোনা হয়নি বলে তখন আর নববর্ষ বসন্ত ঋতুতে আসছিল না। ওমর ঐ কর্মটি সুচারুরূপে সম্পন্ন করে দিলেন।
ভাবতে আশ্চর্য লাগে, কবিরূপে যে ব‍্যক্তি বিশ্বজগতে বিখ্যাত তিনি আসলে ছিলেন বৈজ্ঞানিক। শুধু তা-ই নয়, ফিটজেরাল্ডের মাধ্যমে ইয়োরোপে প্রচারিত হবার পূর্বেই ওমরের বিজ্ঞানচর্চা ফ্রান্সে অনূদিত হয়ে সেখানে তাঁর খ্যাতি সুপ্রতিষ্ঠিত করেছিল।”
(মুজতবা আলীর ভূমিকা থেকে, রু. ওমর খৈয়াম : পৃ-৬৫)।
ওমর খৈয়াম যে একজন বড়মাপের বিজ্ঞানী ছিলেন, বিশেষ করে গণিত ও জে‍্যাতিষচর্চার ওমর কাব্যে পাওয়া যায়। সত্যেন দত্ত অনুবাদের ধরন এমন :
‘প্রথম মাটিতে গড়া হয়ে গেছে শেষ মানুষের কায়
শেষ নবান্ন হবে যে ধান্যে তারো বীজ আছে তায়।
সৃষ্টির সেই আদিম প্রভাতে লিখে রেখে গেছে তাই
বিচার-কর্ত্রী প্রলয় রাত্রি পাঠ যা করিবে ভাই।’
একই সঙ্গে কান্তি ঘোষের অনুবাদও পাঠকের হৃদয়কে আপ্লুত করে তোলে :
‘পৃথ্বী হতে দিলাম পাড়ি, নভঃ গেছে মনটা লীন—
সপ্ত-ঋষি হেথায় বসি ঘুমিয়ে কাটান রাত্রি দিন।
বিদ‍্যাটা মোর উঠলো কেঁপে কাটালো কত ধাঁধায় ঘোর—
মৃত্যুটা আর ভাগ্যলিখন—ওইখানে গোল রইল মোর।’
(রু. ওমর খৈয়াম : পৃ-৬৬)।
একইভাবে সৈয়দ মুজতবা আলী নিজেও কয়েকটি রুবাইয়াৎ অনুবাদ করেছেন। যেমন :
অর্থহীন, অর্থহীন সমস্তই অর্থহীন। তাই ওমরের বারবার কাতর রোদন, দরদি ফরিয়াদ—
‘হেথায় আমার আসাতে প্রভু হননি তো লাভবান
চলে যাবো যবে হবেন না তিনি কোনোমতে গরীয়ান।
এ কর্ণে আমি শুনিনি কভু কোনো মানবের কাছে
এই আসা-যাওয়া কি এর অর্থ-খামাখা পোড়েন টানা।’
(রু. ওমর খৈয়াম : পৃ-৬৭)।
যা-ই হোক, নজরুলের প্রসঙ্গে আবার আসা যাক। কাজী নজরুল ইসলাম ওমর খৈয়ামের কয়েকশ রুবাইয়াৎ খুব দ্রুততম সময়ের মধ্যেই দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছিলেন। আগেই উল্লেখ করা হয়েছে, নজরুলের রুবাইয়াৎ অনুবাদের পর তার ওপর স্বনামধন্য কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলী যে সুদীর্ঘ ভূমিকা লিখেছিলেন, সেটিও কিন্তু সাহিত্যের মানদণ্ডে শীর্ষস্থানে উন্নীত হয়ে আছে।
কলকাতায় কাজী নজরুল ইসলামের অনুবাদকৃত ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ কয়েকবার প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে পরবর্তীকালে ঢাকা থেকে ‘বিশ্বসাহিত্য কেন্দ্র সংস্করণ’ ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ কাজী নজরুল ইসলাম নামে গ্রন্থটি পুনরায় প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন ‘ধ্রুব এষ’। গ্রন্থটির প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১০। তৃতীয় সংস্করণ জানুয়ারি ২০১৬।
কাজী নজরুল ইসলামের অনুবাদ সংবলিত বইটি ঢাকাতেও একাধিকবার প্রকাশিত হয়েছে।
হাজার বছর আগে থেকেই ওমর খৈয়ামের জীবনদর্শন প্রতিষ্ঠিত হয়ে আছে। ইতিহাসের পাতায় তাঁর সাহিত্যকর্ম অক্ষয়রূপে মূল্যায়ন হচ্ছে এবং সর্বোপরি আলোচিত হয়ে আসছে। তেমনি তাঁর অসাধারণ পাণ্ডিত‍্য ও জ্ঞান-বিজ্ঞানের পরিধি ছিল বিস্তৃত। পৃথিবীতে অনাগত মানুষের জন্য ওমরের আদর্শ সবার কাছে পাথেয় হয়ে থাকবে।
পৃথিবীর সেরা বিজ্ঞানীর বাইরেও তাঁর সাহিত্য-মানস ও কাব্যপ্রতিভা তা-ই প্রমাণ করে। তিনি অবিস্মরণীয়। চির অনির্বাণ।
(নিউইয়র্কের কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত, সাহিত্য বিশ্লেষক নীরা কাদরী পরিচালিত লেখকের অঙ্গনের জন্য লেখাটি রচিত)।
লেখক : কবি ও প্রাবন্ধিক।
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz