ভাড়াটে প্রতিষ্ঠান দিয়েই এক টোকাতেই রাজনীতি-কূটনীতি দুদিকেই ঝড় তুলে দিয়েছেন শেখ হাসিনা। পুরোটাই দিল্লির চাণক্য কূটনীতির ছক। ভারত প্রায় আড়াই বছর ধরে আওয়ামী লীগের প্রথম এবং মধ্যম সারির নেতাদের আচরণ, বক্তব্য এবং তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণের পর বাংলাদেশ বিষয়ে তাদের আগের রোডম্যাপে বড় ধরনের পরিবর্তন এনেছে। গোটা পরিস্থিতি জেনে-বুঝে অত্যন্ত ঠান্ডা মাথায় ভিন্ন ভিন্ন উইং খুলে দিয়েছে ভারত। তারাও জানে বাংলাদেশের ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হয় সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। এ ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান বা আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে পলাতক শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান। বিষয়টি একটি টোকা ছাড়া আর কিছুই নয়। ক্ষমতাসীন চব্বিশের বিজয়ী শক্তি শেখ হাসিনাকে ধরে আনতে চয়। তিনিও আসতে চান।
দুই পক্ষের চাওয়াই যখন মিলে গেছে, তখন আসার ব্যবস্থা করলেই হয়। কিন্তু ক্যাঁচালে-প্যাঁচালে রাজনীতি গরম। ডিসেম্বরের উত্তাপ নভেম্বরেই। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে ঘিরে আলোচনার পারদ তুঙ্গে। মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে শুরু করে ছা-পোনা পর্যন্ত যে যা পারছেন বলছেন। তাদের কথা এবং লক্ষ্য অপরিষ্কার। কোনটা লক্ষ্য—শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানো, নাকি তাকে আইনের মুখোমুখি করা? সাজার বিরুদ্ধে আপিল না করায় ফেরামাত্র তার মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রসিকিউশন থেকে। দাবার সূক্ষ্ম চালে সাম্প্রতিক বিশ্বের শীর্ষ আলোচিত নেতা হওয়ার রাজনীতির কাজটা সেরে নিয়েছেন তিনি। মোটামুটি বার্তা দিতে পেরেছেন, মাথায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে দেশে ফেরার সর্বোচ্চ সাহসী চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। অভিশপ্ত বিচারহীনতার মবতন্ত্রের দুঃশাসন মৃত্যুর উপত্যকা অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করতে বঙ্গবন্ধু-কন্যা দেশরত্ন শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবেন।
এরই মধ্যে মার্কিন প্রভাবশালী গণমাধ্যমে ব্যাপক কাভারেজ। এবার শেখ হাসিনার সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে প্রথমেই নিউইয়র্ক পোস্ট ও কট্টর রিপাবলিকানপন্থী ওয়াশিংটন টাইমসে। দুই পত্রিকাই অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া সাক্ষাৎকারটা ছেপেছে, যা আগে কখনোই হয়নি। আন্তর্জাতিক আরও কিছু গণমাধ্যমও আমল দিতে শুরু করেছে। তার নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত, দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রতিহিংসার অবসানে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছেন দেশটির কয়েক সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ। চিঠিতে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনীতিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাধীন বিচারপ্রক্রিয়া, রাজনৈতিক পুনর্মিলন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিঠিটি যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের সচিবের উদ্দেশে লেখা হয়েছে। ব্রিটিশ আইনপ্রণেতাদের মতে, কমনওয়েলথের সদস্য হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যুক্তরাজ্যের জন্যও উদ্বেগের বিষয়। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে। বিপরীতে ডিসেম্বর যত এগিয়ে আসছে, ততই তারেক রহমান সরকারের ওপর আন্তর্জাতিক, কূটনৈতিক চাপ বাড়ছে। আরও অনেক আগেই শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্ট লাগে না। ছাত্র-জনতার অভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকে ভারতে আছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইন মানলে ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। কিন্তু ভারত কোনোক্রমেই তা চায় না। তার ওপর ভয়ের তাড়া বাড়ানোর যত আয়োজনে ফুয়েল জোগাচ্ছে। এ ভয়ে অনেকের হার্টবিট বাড়ছে। সংসদে কাতরকণ্ঠে মোনাজাতও হয়ে গেছে। কারও কারও ডায়াপার পাল্টানোর অবস্থা। স্বয়ং প্রধানমন্ত্রীর দিক থেকে দলীয় নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার আহ্বান এসেছে। দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ রাজনীতি এবং মাঠের অবস্থা বুঝে কেবল সরকার নয়, দেশের সব মহলকে আতঙ্কে ফেলার কৌশলটি ষোলো আনা চর্চার পথ নিয়েছে আওয়ামী লীগের হিতাকাঙ্ক্ষীরা। এ লক্ষ্যেই তাদের প্যানিক থিওরি। ক’দিন ধরে সন্ধ্যা নামতেই রাজধানীর নিরাপত্তার চিত্র। রাতের আঁধারে সড়ক, বিপণিবিতান, গণপরিবহন কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ঘটানো হচ্ছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ। কখনো মোটরসাইকেলে এসে, কখনো ফ্লাইওভার থেকে, আবার কখনো আড়াল থেকে বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। উদ্দেশ্যে সাফল্য দেখছে আয়োজকরা। দেওয়া হচ্ছে ব্যাপক প্রণোদনাও। গাড়িতে আগুন, ককটেল ফাটানোসহ নাশকতার তেজ ছড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায়ও। পারিপার্শ্বিকতা ও নমুনা বুঝে পুলিশ অত্যন্ত সাবধানী। না পারতে সামনে এগোচ্ছে না। তার ওপর বাহিনীটিতে আওয়ামী লীগ সমর্থিতরা সামনে ভিন্ন কিছুর জন্য অপেক্ষমাণ। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে অনিশ্চয়তা ও সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছে। ঘন ঘন বদলি, নতুন কর্মকর্তাদের এলাকায় পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের সমন্বয়হীনতা এবং দায়িত্ব পালনের পরিণতি নিয়ে উদ্বেগ পুলিশের কার্যকারিতাকে প্রভাবিত করছে। যে কারণে আগাম সতর্কবার্তা এলেও তা সব সময় মাঠপর্যায়ের প্রস্তুতিতে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না।