বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পাহাড় শান্ত হবে কবে?

পাহাড় শান্ত হবে কবে?

বিজ্ঞাপন
পাহাড় অশান্ত—এ খবর আমরা শৈশব থেকেই শুনে অভ্যস্ত। পাহাড় বলতে তিনটি পার্বত্য জেলা—রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান। পাহাড়ঘেরা আচ্ছাদিত দুর্গম তিনটি এলাকা। সাধারণ মানুষের চলাচল খুবই কম। মূলত দুষ্কৃতকারী নিষিদ্ধ সংগঠন এবং ডাকাত দলের অভয়ারণ্য। আর পাহাড়ি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের আনাগোনা। সাধারণ পাবলিকের জন্য চলাচল নিষিদ্ধ এলাকা। শান্তি প্রতিষ্ঠায় অনেক উদ্যোগই নেওয়া হয়েছে। কিন্তু ফল দিয়েছে খুব কমই।

পাহাড়ি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় উদ্যোগ নেওয়া হয় আওয়ামী লীগের সময়ে। সে সময় পাহাড়ি নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন সশস্ত্র সংগঠন জনসংহতির সঙ্গে আওয়ামী লীগ সরকারের পার্বত্য চুক্তি হয়। পাহাড়ি এলাকার শান্তি প্রতিষ্ঠার সেই উদ্যোগও শেষ পর্যন্ত পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার পরিণাম বরণ করে। পার্বত্য চুক্তি স্বাক্ষরের প্রথম দিকে চুক্তিটি নিয়ে যতটা আশাবাদ দেখা যায়, ধীরে ধীরে তা হতাশায় পরিণত হয়। এখন সেই চুক্তি নিয়ে আর কোনো কথা তেমন শোনা যায় না। ইতিহাসের পাতায় চাপা পড়ে আছে। মাঝেমধ্যে একে অপরের বিরুদ্ধে কেবল অভিযোগই শোনা যায়।

একসময় পাহাড়ে পাহাড়ি ও সমতলের মানুষের সংখ্যা সাম্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সমতলের কিছু মানুষকে পাহাড়ে এবং পাহাড়ের মানুষকে সমতলে বসতি স্থাপনের সুযোগ করে দেওয়া হয়। কিন্তু সে পরিকল্পনাও শেষ পর্যন্ত খুব একটা কার্যকর হতে দেখা যায় না। কথায় বলে, তেলেজলে মিশ খায় না, তেমনি পাহাড়ি এবং সমতলের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করা হয়ে ওঠে না। যার ফলে প্রায়ই পাহাড়ে শান্তিভঙ্গের মতো ঘটনা ঘটতে দেখা যেতে লাগল। এখনো সমতল-পাহাড়ি মানুষের মধ্যে সংঘর্ষের কথা শোনা যায়। এমনকি শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী মোতায়েন করেও সংঘাত ঠেকানো যাচ্ছে না।

তবে একসময় ডাকাত, পলাতক আসামিদের আস্তানার কথা শোনা যেত পাহাড়ের ঘন জঙ্গলে। তারা সুযোগ বুঝে সমতলে ডাকাতি, খুন, রাহাজানি করে পাহাড়ে ঘন বনের মধ্যে লুকিয়ে থাকত। এখন সেসব পেশাদার ডাকাত, খুনিদের কথা তেমন শোনা যায় না। এখন যারা জঙ্গি, চরমপন্থার রাজনীতি করে, এ জন্য তারা খুন, ডাকাতি, অগ্নিসংযোগের মতো অপরাধ সংঘটিত করে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে আত্মগোপন করে থাকে এসব পাহাড়ি অঞ্চলে। তারা আইনের চোখে নিষিদ্ধ। যারা সংগঠনের নামে সন্ত্রাস পরিচালিত করে, সেসব সংগঠনও নিষিদ্ধ।

পাহাড়ি অঞ্চল নিয়ে বিদেশি চক্রান্তের কথাও শোনা যায়। এমন কথাও শোনা যায়, পাহাড় ঘিরে একটি ‘বিশেষ নামে’ স্বতন্ত্র একটি রাষ্ট্র গঠনের চক্রান্ত অনেক দিন থেকেই সক্রিয়। যারা এসব চক্রান্তে নিয়োজিত, তারাও নাকি অনেক সময় পাহাড়কে অশান্ত করে তোলার কাজে ফুয়েল দিয়ে থাকে। তারা বাংলাদেশের অখণ্ডতা খণ্ডিত করতে চায়। এ কার্যে কেউ প্রতিবেশী দেশের দিকে আঙুল তুলতে চায়। আবার অনেকে মনে করেন, দূরের অনেক দেশও এতে ইন্ধন জোগায়। তাদের পরিকল্পনা নাকি আরও বড়। তারা আবার প্রতিবেশী দুই দেশেরই পাহাড়ি অঞ্চল নিয়ে বৃহত্তর একটি রাষ্ট্র গঠন করতে চায় বলে রটনা আছে। এই শক্তির বিরুদ্ধে অভিযোগ, তারা মাঝেমধ্যেই পাহাড়ি এলাকায় সক্রিয় নিষিদ্ধ সংগঠনগুলোকে নানা উসকানি দিয়ে পাহাড়কে উত্তপ্ত করে তোলে।

তবে বর্তমানে যে উত্তাপ চলছে, তা বিভিন্ন সংগঠনের চাঁদাবাজি ঘিরে অন্তঃকলহের কারণে। এ রকম তথ্য নিয়েই একটি সংবাদ প্রকাশিত হয়েছে ঠিকানার ১১ নভেম্বর সংখ্যার ৩ পৃষ্ঠায়। শিরোনাম : ‘সশস্ত্র গ্রুপে উত্তপ্ত পাহাড়’। খবরটির সূচনা হয়েছে এভাবে, ‘রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চলছে অস্ত্রের দাপট। এই তিন পার্বত্য জেলায় শক্তির মহড়া দিচ্ছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি এবং অপহরণই তাদের মূল লক্ষ্য। এতে উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়। বাড়ছে খুনাখুনি। পড়ছে একের পর এক লাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ছে সেখানকার সাধারণ অধিবাসীদের মধ্যে।’ তাদের চাঁদা তোলার নানা পদ্ধতি আছে। তার মধ্যে একটি—টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করা। এতে যে আয় হয়, তার একটি অংশ দিতে হয় পাহাড়ের সন্ত্রাসীদের। তারা এই অর্থ দিয়ে অস্ত্র কেনে। আবার সে অস্ত্র তাক করা হয় নিজেদের দিকেই। উত্তাপ ছড়ায় পাহাড়ে।

চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও অনেক সময় বিরোধ বাধে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে। কেননা, তিন পার্বত্য জেলা থেকে চাঁদা ওঠে যে পরিমাণ, তা শুনলেও মাথা ঘুরে যায়। বছরে যে চাঁদা ওঠে, তার পরিমাণ নাকি প্রায় ২ হাজার কোটি টাকা, যা দিয়ে তারা ছোট ছোট অস্ত্রের পাশাপাশি স্নাইপার রাইফেলের মতো অনেক ভারী অস্ত্রও আনে এবং তার সঙ্গে নাইটভিশন ক্যামেরা পর্যন্ত যুক্ত আছে। সম্প্রতি রাঙামাটির সাজেকে নতুন করে দুটি সন্ত্রাসী গ্রুপ সন্ত্রাসী কর্মকাণ্ড করায় জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে বর্তমান এই সময়ে আধুনিকতার আলো পেয়েও এ রকম সন্ত্রাসী কর্মকাণ্ড মোটেও আশা করা যায় না। সামাজিকভাবে পাহাড়ি সমস্যার সমাধান জরুরি হলেও অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। অনেকের মতে, ভেতরের কারণ ছাড়াও বাইরের উসকানির জন্য পাহাড়ের উত্তেজনা বন্ধ হচ্ছে না। রাজনৈতিক সমাধান ব্যতীত অন্য কোনো সমাধান টেকসই হবে না বলেই অভিজ্ঞজনের অভিমত। দেশের এত বড় একটি ভূখণ্ডে অস্ত্রের ঝনঝনানি বন্ধ না হলে দেশের মূল ভূখণ্ডেও শান্তি আশা করা যায় না।
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz