আ.লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বিবেচনাধীন : আইনমন্ত্রী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২২:৩৯
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কি না সেটিও খতিয়ে দেখছে সরকার।’
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী নেতাকর্মীদের নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনা ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত হয়েছিল। সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।’
জুলাই গণঅভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে বলে উল্লেখ করে তিনি বলছিলেন, ‘১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।’
অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে বলে মনে করেন মন্ত্রী। তার ভাষ্য, ‘আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, গণতন্ত্র ও আইনের শাসনের পথ ধরেই এগিয়ে যাব। জেন-জি প্রজন্ম তাদের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও সহযোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি।’