বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

শেখ হাসিনা চাইলে হাইকমিশনে  আত্মসমর্পন করতে পারেন

শেখ হাসিনা চাইলে হাইকমিশনে  আত্মসমর্পন করতে পারেন

বিজ্ঞাপন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, তাকে বাংলাদেশে আসতে হলে যেকোনো একটি পথ বেছে নিতে হবে। ভারত সরকার বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে পারেন অথবা শেখ হাসিনা দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আত্মসর্মপন করতে পারেন। তখন হাইকমিশন আন্তর্জাতিক নিয়মানুসারে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে। এর বাইরে তার ফেরার কোনো পথ দেখছি না।
নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এ কথা বলেছেন জহির উদ্দীন স্বপন। গত ১৩ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির। এতে গেস্ট অব অনার ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু।
জহির উদ্দিন স্বপন বলেন, পাসপোর্টের আবেদন ও কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে আগমনের প্রচারণা তার কর্মীদের মনোবল জিইয়ে রাখার অপপ্রয়াস মাত্র। আর সরকার তার পাসপোর্ট বাতিল করেছে যাতে সে কোথাও পালিয়ে না যেতে পারে। তার যদি দেশে ফেরার ইচ্ছাই থাকে; তবে হাইকমিশনে গিয়ে আত্মসর্মপন করলেই হয়। পাসপোর্ট নাটকের প্রয়োজন হয় না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে একদলীয় বাকশাল শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছেন।
বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ। 
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, গোলাম ফারুক শাহীন, জসিম উদ্দিন ভূঁইয়া, কাজী আজম, আবদুস সবুর, সৈয়দা মাহমুদা শিরিন, দেওয়ান কাউসার, এবাদ চৌধুরী, এ আর মাহবুবুল হক, কাজী আসাদউল্লাহ, নীরা রাব্বানী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, রইচ উদ্দিন, আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ। 
সভায় জহিরউদ্দিন স্বপন বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি প্রত্যাশা করেন। তাঁর ভাষায়, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন পলাতক আসামি।
প্রবাসে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহত্তর বরিশালবাসীর সঙ্গে মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন : দেশের দক্ষিণাঞ্চলকে দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে ভোলার গ্যাস সম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত ও পায়রা বন্দরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ভোলার গ্যাস সম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর বরিশালবাসী এ সভার আয়োজন করেন।
দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের যেসব প্রবাসী উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাদের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।
তিনি দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় সম্পদগুলো কাজে লাগানোর পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় প্রবাসীদের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।
ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলু।
এতে আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়া। এসময় স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz