ব্রঙ্কসের ওয়েকফিল্ড এলাকায় গাড়িতে উঠতে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে এক নারী নিহত হয়েছেন। গত ১৩ জুলাই সোমবার রাত প্রায় ১১টা ৫০ মিনিটে মারডক অ্যাভিনিউ ও নেরেইড অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ এখনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহতের নাম জুলিয়া অ্যান্ডারসন (৩৯)। তিনি পাশের শহর মাউন্ট ভার্ননের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, নিজের কালো রঙের জিপ গাড়িতে উঠতে যাওয়ার মুহূর্তে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। গুলিগুলো গাড়ির যাত্রীর পাশের দিক থেকে ছোড়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জুলিয়াকে গাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার পেটে একাধিক গুলির আঘাত ছিল।
তদন্তকারীরা এখনো নিশ্চিত নন, জুলিয়া অ্যান্ডারসনই হামলার মূল লক্ষ্য ছিলেন কি না। ঘটনার সময় তিনি একাই ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর নিজেকে নিহতের বোন পরিচয় দেওয়া এক নারীকে ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং সন্দেহভাজন বন্দুকধারী এখনও পলাতক। ঘটনার পেছনের উদ্দেশ্য এবং হামলাকারীর পরিচয় উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, জুলিয়া অ্যান্ডারসনের বিরুদ্ধে নিউইয়র্ক সিটিতে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না।
-