বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনারের আশাবাদ

নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে

নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে

উপরে বাঁ থেকে বাংলাদেশ সোসাইটিরন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, নির্বাচন কমিশনার বদরুল এইচ খান, শামসু উদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ এবং মিয়া মোহাম্মদ দুলাল।

বিজ্ঞাপন
 নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ২৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে।   
সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নিউইয়র্কের পাঁচটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের ঠিকানাকে জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে। নির্বাচন সফল করতে প্রার্থী, ভোটার, সমর্থক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
আবু নাসের বলেন, নির্বাচন কমিশনের প্রত্যেক সদস্য অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতা পেলে এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও তাঁদের সমর্থকদের দায়িত্বশীল আচরণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
আবু নাসের জানান, এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য মোট ৭০টি মেশিন প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৬০টি ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে এবং বাকি ১০টি মেশিন রিজার্ভ থাকবে। ভোটগ্রহণ শেষে উডসাইড কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ২১টি পদে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের ৪২ জন প্রার্থীর পাশাপাশি সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ‘সেলিম–আলী’ প্যানেল এবং সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন ‘কুনু-ফিরোজ’ প্যানেল। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ছয়টি কার্যনির্বাহী সদস্যপদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত কেন্দ্রগুলো হলো কুইন্সের উডসাইডে ৫৮ ম্যানর, ব্রুকলিনের কালামস হল, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস, জ্যামাইকার অঙ্গন পার্টি হল এবং ওজন পার্কের ম্যাজেস্টিক মারকুইস।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটারদের নিজ নিজ কেন্দ্র, ভোটার নম্বর ও নির্ধারিত ভোটিং টেবিলের তথ্য যাচাই করার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ সোসাইটির এই নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংগঠনটির আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে ভোটারদের রায়ের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকেরা। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের আবারও সব পক্ষের সহযোগিতা কামনা করে আশা প্রকাশ করেছেন, পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- নির্বাচন কমিশনার বদরুল এইচ. খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz