বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া : অর্থমন্ত্রী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
পরিবর্তনশীল বৈশ্বিক সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির ট্র্যাজেক্টরি বা সঠিক গতিপথ ধরে রাখতে আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা বাংলাদেশকে অর্থায়নের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
১৬ অক্টোবর (শুক্রবার) সকালে আইএমএফের এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের (এপিডি) প্রতিনিধি দলের সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনসহ উভয় পক্ষের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশের দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রস্তাবের ফাইনাল রিভিউ বা চূড়ান্ত পর্যালোচনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, নীতিগতভাবে আমাদের প্রস্তাবগুলো নিয়ে সব ঠিক আছে। এখন বিষয়টি কীভাবে চূড়ান্তভাবে ক্লোজ করা যায়, তা নিয়ে উভয় পক্ষের টিমে বিস্তারিত পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের মূল্যায়নের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও জানান, চলমান বছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ, তা সংস্থাগুলো অনুধাবন করতে পেরেছে। আন্তর্জাতিক সংকট মোকাবিলা করে অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে বহুপাক্ষিক এই সহায়তার পথ সুগম হওয়াকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।