কৃষি, ওষুধ ও পর্যটনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–সাবাহ আলোচনা
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৩৩
•
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও মালয়েশিয়ার সাবাহ রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য, ওষুধশিল্প, পর্যটন, শিক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে রাজ্যটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাবাহ রাজ্যের রাজ্য সচিব, মুখ্যমন্ত্রীর সহকারী মন্ত্রী ওয়াইবি দাতুক সিজার ম্যান্ডেলা মালাকুন, রাজ্যের কৃষি, মৎস্য ও খাদ্যশিল্প মন্ত্রণালয়ের উপস্থায়ী সচিব এবং সাবাহ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রধানের সঙ্গে পৃথক বৈঠক করে।
বৈঠকে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উচ্চফলনশীল ধানের জাত উৎপাদন, কৃষিপ্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, মৎস্য চাষ, জলজ সম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে মাছ ধরা এবং সমুদ্রভিত্তিক অর্থনীতিতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে ধান উৎপাদনে বাংলাদেশের অভিজ্ঞতা ও প্রযুক্তি সাবাহতে কাজে লাগানোর পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
দুই অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানো, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সাবাহতে বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও পর্যটকদের যাতায়াত সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
ওষুধশিল্পে উৎপাদন, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। পাশাপাশি শিক্ষা, একাডেমিক বিনিময়, দক্ষতা উন্নয়ন ও পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি এবং দুই অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সাবাহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের দলটি। এতে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এবং সাবাহর সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, প্রতিনিধিদল বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উভয় পক্ষ আশা প্রকাশ করে, এসব উদ্যোগ দুই অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।
গত আগস্টে সাবাহর গভর্নর তুন দাতুক সেরি পাঙ্গলিমা (ড.) মুসা বিন হাজি আমান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক সেরি পাঙ্গলিমা হাজি হাজিজি বিন নুরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের ধারাবাহিকতায় বাংলাদেশ ও সাবাহর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সাম্প্রতিক আলোচনাগুলো অনুষ্ঠিত হয়েছে।