বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলে আটক • শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার • নাটোর রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক • ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল • উত্তাল দিল্লি : ফের আটক রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান • ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী • এল নিনোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করবে আইএমএফ • আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছিল : রিজভী

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
শ্রীলঙ্কার ক্ষমতাশালী রাজাপাকসে পরিবারের ওপর দুর্নীতির সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এবার গ্রেপ্তার হলেন দেশটির সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে। একটি শিশু হাসপাতালের জন্য বিশেষায়িত স্ক্যানার ক্রয়ের নামে সংগৃহীত অর্থ আত্মসাৎ ও চ্যারিটি তহবিলের অর্থ তছরুপের অভিযোগে বুধবার (৭ অক্টোবর) কলম্বোয় নিজ বাসভবন থেকে ৭৩ বছর বয়সী এই সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার সাবেক প্রতাপশালী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী শিরান্থি রাজাপাকসের বিরুদ্ধে অভিযোগ, তার প্রতিষ্ঠিত ‘সিরিলিয়া সাভিয়া’ নামক দাতব্য সংস্থার মাধ্যমে কলম্বোর লেডি রিজওয়ে চিলড্রেনস হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কেনার কথা বলে ১ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) অনুদান সংগ্রহ করা হয়েছিল। তবে তদন্তকারী কর্মকর্তাদের দাবি, হাসপাতালটির জন্য ওই স্ক্যানারটি ইতিমধ্যে চীন সরকার উপহার হিসেবে বিনামূল্যে প্রদান করেছিল। ফলে সংগৃহীত সেই অনুদানের অর্থ নির্ধারিত সেবামূলক কাজে ব্যয় না করে চ্যারিটি তহবিল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত সোমবারই দেশে ফেরেন শিরান্থি। গ্রেপ্তার এড়াতে তিনি আদালতে একটি আগাম আবেদনও করেছিলেন, যার শুনানির দিন ধার্য ছিল ১২ অক্টোবর। তবে এর আগেই বুধবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেয় দেশটির ঘুষ ও দুর্নীতি তদন্ত কমিশন।

যদিও সমস্ত আর্থিক অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন শিরান্থি রাজাপাকসে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগে দাবি করেছেন, সিরিলিয়া সাভিয়ার সমস্ত অর্থ সংস্থার ব্যাংক হিসাবে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং কোনো ধরনের জালিয়াতি বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় দীর্ঘ প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে তামিল বিদ্রোহীদের দমনের পর মাহিন্দা রাজাপাকসেকে জাতীয় বীর হিসেবে দেখা হলেও পরবর্তীতে ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকট, নজিরবিহীন মূল্যস্ফীতি এবং খাদ্য-জ্বালানির ঘাটতির মুখে রাজাপাকসে পরিবারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটে। ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট ও মাহিন্দার ভাই গোতাবায়া রাজাপাকসে।

বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই রাজাপাকসে পরিবারের দীর্ঘদিনের বিতর্কিত আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্তগুলো নতুন করে জোরেশোরে চালু করেছেন। এর অংশ হিসেবে চলতি বছরের শুরুতে মাহিন্দা-শিরান্থি দম্পতির জ্যেষ্ঠ ছেলে ও বিরোধী সংসদ সদস্য নামাল রাজাপাকসেকে বিমান ক্রয় কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়, যিনি বর্তমানে রিমান্ডে কারাগারে রয়েছেন। এ ছাড়া দুর্নীতির অভিযোগে তাদের অপর ছেলে যোশীথা রাজাপাকসেকেও চলতি বছর গ্রেপ্তার করা হয়েছিল। এবার খোদ সাবেক ফার্স্ট লেডি শিরান্থির গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজাপাকসে রাজনৈতিক পরিবারের ওপর আইনি চাপ আরও চূড়ান্ত রূপ নিল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz