বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আশুলিয়ায় সেই আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান

আশুলিয়ায় সেই আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সাভারের আশুলিয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) একটি জমি উদ্ধার অভিযান চালানোর সময় ভ্যানটি সামনে আসে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে থাকা পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হলে আড়ালে ঢাকা পড়ে থাকা পোড়া পুলিশ ভ্যানটি দেখতে পান সংশ্লিষ্টরা।

ভ্যানটির সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয়রা জড়ো হন। তারা ভ্যানটিকে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঐতিহাসিক সাক্ষ্য ও নির্মমতার স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারী আবিদুল আফিফ বলেন, ‘আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট আমাদের ছয় ভাইকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে একজন জীবিত ছিলেন। সেই ঘটনার পর থেকেই আমরা এই গাড়িটির খোঁজ করছিলাম। আজ জানতে পারলাম, এটি ডাম্পিং এলাকা থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হচ্ছিল। আমাদের দাবি, আশুলিয়ার এই নির্মমতার স্মৃতি হিসেবে ভ্যানটি অবিলম্বে জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হোক।’

আরেক আন্দোলনকারী ফয়সাল হোসেন ফাল্গুন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গাড়িটির খোঁজে বিভিন্ন জায়গায় নজর রাখছিলাম। এটি আমাদের শহীদ ভাইদের রক্ত ও ত্যাগের নির্মম সাক্ষ্য বহন করছে। ডাম্পিংয়ে না পাঠিয়ে জাদুঘরে সংরক্ষণ করাই যুক্তিসংগত।’

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের অফিসার ইনচার্জ শহিদুল বলেন, ‘গাড়িটি এভাবে দেওয়া সম্ভব নয়। এটি আদালতের আলামত এবং মামলার গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিতে হলে আইন মন্ত্রণালয়ের আদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও আদালতের নির্দেশনা প্রয়োজন হবে। সিদ্ধান্ত না আসা পর্যন্ত আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, চব্বিশের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং পরে নিহত ও আহতদের পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। দীর্ঘদিন পর সেই ঘটনায় ব্যবহৃত পোড়া ভ্যানটির সন্ধান পাওয়ায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz