বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গরু ব্যবসায়ী আয়েস উদ্দিন (৭০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং আব্দুল হামিদ (৩৫)। আহত আটজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার বাড়ি কানসাট ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নাচোল উপজেলার সোনাচণ্ডী গরুর হাট থেকে চারটি গরু নিয়ে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলামসহ আরও কয়েকজন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভটভটিটি চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভটভটিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত শরিফুল ইসলাম ও আব্দুল হামিদকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবুল হায়াত বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় নয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz