পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২০২৬-০৯-২৮ ২১:১৪:০০
•
অনলাইন সংস্করণ
উদ্ধারকৃত ককটেল-পেট্রোল বোমা। ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিস্ফোরক উদ্ধারের পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি।
অভিযানে একটি ব্যাগের ভেতর বেশ কিছু ককটেল ও পেট্রোল বোমা পাওয়া যায়। এলাকায় আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ বলেন, তাদের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগে বেশ কিছু বোমা পাওয়া গেছে। সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে তল্লাশি চলছে।
তবে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো বা এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরক নিষ্ক্রিয় ও উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।