প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪
•
অনলাইন সংস্করণ
অনিরাপদ পরিবেশে শিশুখাদ্য উৎপাদন এবং নিরাপত্তা-সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও ৩৯টি অঙ্গরাজ্যের সঙ্গে ৩৮৪ মিলিয়ন ডলারের বেশি অর্থের সমঝোতা করেছে শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাবট ল্যাবরেটরিজ। এর মধ্যে নিউইয়র্ক স্টেট পাবে ৯৩ লাখ ডলারের বেশি। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ১৭ সেপ্টেম্বর এ সমঝোতার ঘোষণা দেন।
২০২৫ সালে অ্যাবটের বিরুদ্ধে নিউইয়র্কসহ ৩৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মিশিগানের স্টার্জিস ও অ্যারিজোনার কাসা গ্রান্ডে উৎপাদনকেন্দ্রে অ্যাবট যথাযথ নিরাপত্তা ও পরিচ্ছন্নতার মান বজায় রাখতে ব্যর্থ হয়। একই সঙ্গে উৎপাদন প্রক্রিয়া ও পণ্যের নিরাপত্তা সম্পর্কে পরিদর্শকদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও করা হয়।
অভিযোগে বলা হয়, উৎপাদন সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি এবং কারখানায় পানির উপস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে শিশুখাদ্যে অণুজীবের দূষণের ঝুঁকি বেড়ে যায়। কিছু ক্ষেত্রে দূষণের ইঙ্গিত পাওয়া পরীক্ষার ফলাফলও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করা হয়। এসব পণ্য সরকারি সহায়তা কর্মসূচি মেডিকেইড ও স্পেশাল সাপ্লিমেন্টাল নিউট্রিশন প্রোগ্রাম ফর উইমেন, ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন (ডব্লিউআইসি)-এর অর্থে কেনা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
২০২২ সালে অ্যাবটের স্টার্জিস কারখানা বন্ধ হয়ে যায় এবং শিশুখাদ্য প্রত্যাহার করা হয়। এরপর যুক্তরাষ্ট্রজুড়ে শিশুখাদ্যের সরবরাহে সংকট দেখা দেয়। অ্যাটর্নি জেনারেলদের মামলায় এই ঘটনাকেও অ্যাবটের উৎপাদন ও নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে তুলে ধরা হয়।
সমঝোতা অনুযায়ী, অ্যাবট যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে ৩৪৮,৭০০,৮৬৮ ডলার এবং অংশগ্রহণকারী অঙ্গরাজ্যগুলোকে প্রায় ৩৫.৫ মিলিয়ন ডলার দেবে। নিউইয়র্কের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ ৯৩ লাখ ডলারের বেশি। এর একটি অংশ সরাসরি নিউইয়র্ক স্টেট পাবে এবং বাকি অর্থ স্টেটের মেডিকেইড কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট থাকবে।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, শিশুদের জন্য কেনা শিশুখাদ্য নিরাপদ কি না, তা নিয়ে কোনো বাবা-মাকে উদ্বিগ্ন থাকা উচিত নয়। তার কার্যালয় পরিবারকে ঝুঁকিতে ফেলতে পারে—এমন পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমঝোতাটি অভিযোগ নিষ্পত্তির জন্য করা হয়েছে; অ্যাবট দায় স্বীকার করেনি এবং সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের অভিযোগের সত্যতা বা আইনি দায় নির্ধারিত হয়নি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এ বিষয়টি স্পষ্ট করেছে।