প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮
•
অনলাইন সংস্করণ
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা। সংগীতপ্রেমীদের জন্য ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশেষ আয়োজনে সংগীত পরিবেশন করবেন নর্থ আমেরিকা ও বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রায়ান তাজ ও প্রমিতাজ।
প্রবাসের মাটিতে বাংলা সংগীত ও সংস্কৃতির আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে লাইভ ফিউশন এন্টারটেইনমেন্ট আয়োজন করতে যাচ্ছে মনোমুগ্ধকর ওই সংগীতসন্ধ্যা। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্স প্লেস, উডসাইডে অনুষ্ঠিত হবে এই বিশেষ সংগীত আয়োজন। অনুষ্ঠানের গেট খুলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে উৎসব গ্রুপ, যা আয়োজনটিকে আরও বিশেষ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে।
এই মিলনমেলার মূল উদ্দেশ্য হলো নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি ও সংগীতপ্রেমীদের জন্য একটি সুন্দর, আনন্দময় ও স্মরণীয় সংগীতসন্ধ্যা উপহার দেওয়া। প্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা, মনোমুগ্ধকর সুর এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময়—সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।
লাইভ ফিউশন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে বাংলা সংগীত ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করা এবং বিভিন্ন প্রজন্মের বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। পোস্টারে প্রদর্শিত তথ্য অনুযায়ী, সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক, গোল্ডেন এজ হোম কেয়ার, গুড শেফার্ড হোম কেয়ার, মাইকেল গ্যাসি (আইনজীবী), কাকাতুয়া এজেন্ট, ট্রিবিউন ট্রেনিং একাডেমি, আরআর রেড রন, সিলেট মোটরস, প্রাইম হেলথ এলএলসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানের স্পন্সর হিসেবে রয়েছে। ঞইঘ২৪ ও নবযুগ রয়েছে যথাক্রমে মিডিয়া পার্টনার, নিউজ পার্টনার হিসেবে।
লাইফ ফিউশন এন্টারটেইনমেন্ট, উৎসব গ্রুপের পক্ষ থেকে নিউইয়র্ক ও আশপাশের এলাকার সকল প্রবাসী বাংলাদেশি, সংগীতপ্রেমী, সাংস্কৃতিক অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, মনোমুগ্ধকর মিউজিক্যাল নাইট নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য হয়ে উঠবে সংগীত, সংস্কৃতি, আনন্দ ও মিলনের এক স্মরণীয় সন্ধ্যা।