বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
তাকে কেউ মানেন, আবার বেশিরভাগই মানেন না

যুক্তরাষ্ট্র বিএনপির ‘গলার কাঁটা’ আনোয়ার হোসেন খোকন

যুক্তরাষ্ট্র বিএনপির ‘গলার কাঁটা’ আনোয়ার হোসেন খোকন

যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন খোকন। ছবি-ঠিকানা

বিজ্ঞাপন
যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী আনোয়ার হোসেন খোকন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই নেতা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
দলীয় সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পাওয়ার পর থেকে আনোয়ার হোসেন খোকন নিয়মিত যুক্তরাষ্ট্রের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তার তত্ত্বাবধানে নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে কমিটি গঠিত হয়েছে। 
তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নিয়ে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের একটি অংশের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, বহু বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা সত্ত্বেও প্রবাসী নেতাদের রাজনৈতিক অবদান যথাযথ স্বীকৃতি পাচ্ছে না।
বিশেষ করে ওয়ান-ইলেভেনের সময় তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে সক্রিয় আন্দোলন গড়ে তোলা নেতা-কর্মীদের অনেকে এখন মনে করছেন, তাদের দীর্ঘদিনের ভূমিকা দলীয় সিদ্ধান্তে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। 
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়েও যুক্তরাষ্ট্র বিএনপির একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন বা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায়নি, যেখানে যুক্তরাজ্যপ্রবাসী একাধিক নেতা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছেন। এই বঞ্চনার দায় এখন অনেক নেতা সরাসরি আনোয়ার হোসেন খোকনের ওপর চাপাচ্ছেন। তাদের কেউ তাকে মানেন, আবার অনেকেই মানেন না। 
যুক্তরাষ্ট্র বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্রের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে খোকন সঠিক চিত্র তুলে ধরছেন না। তাদের ধারণা, তার প্রতিবেদনের কারণেই যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়টি বারবার পিছিয়ে যাচ্ছে। ফলে আনোয়ার হোসেন খোকনকেই এখন ‘গলার কাঁটা’ মনে করছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের বড় একটি অংশ। 
সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর আনোয়ার হোসেন খোকন একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। কিন্তু তার আচরণ ও নেতৃত্বের ধরন নিয়েও দলের একটি অংশে অসন্তোষ রয়েছে।
একাধিক নেতা ঠিকানাকে বলেন, খোকন অনেক সময় নেতা-কর্মীদের সঙ্গে কঠোর ও ধমকের সুরে কথা বলেন। কেউ কেউ অভিযোগ করেছেন, কোনো বিষয়ে মতের অমিল হলে তার আচরণ আরও কঠোর হয়ে ওঠে।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে বিএনপির বিভিন্ন কর্মসূচি ঘিরেও একই ধরনের অভিযোগ উঠেছে।
দলীয় নেতা-কর্মীদের একটি অংশের দাবি, নিউইয়র্কে অবস্থানকালে সাংগঠনিক কর্মসূচি পরিচালনার সময় খোকনের ব্যবহার নিয়ে বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বিকালে জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির স্বাগত কর্মসূচিতেও কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 
এর আগে গত ১৯ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মঞ্চে বসা নিয়ে নেতাদের সঙ্গে আনোয়ার হোসেন খোকনের উচ্চবাচ্য হয়। এসময় অনেকেই তার ওপর অসন্তোষ প্রকাশ করেন। ওই সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন সিনিয়র নেতা ছিলেন, তাদের উপেক্ষা করেছেন আনোয়ার হোসেন খোকন- এমন অভিযোগ অনেকেরই। 
দলের কয়েকজন প্রবীণ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের অনেকে আনোয়ার হোসেন খোকনের রাজনৈতিক জীবনেরও আগে থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে তাদের সঙ্গে নির্দেশমূলক বা ধমকের ভাষায় কথা বলা তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন না।
যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের বর্তমান সফরেও যদি যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আনোয়ার হোসেন খোকনের সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে প্রকাশ্য বিরোধিতা আরও বাড়তে পারে।
তাদের একজনের ভাষায়, “কমিটি না হলে এবার অনেকেই আর খোকনের নেতৃত্ব মানতে প্রস্তুত নন।”
এসব অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন খোকনের বক্তব্য জানতে ঠিকানার পক্ষ থেকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। টেক্সট মেসেজ করে কথা বলার অনুরোধ জানানো হলেও প্রতিবেদন প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-
ঠিকানা/শই
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz