প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১১-এ আয়োজিত এ উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং সংকটের মূল কারণসমূহের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এই সাইড ইভেন্টে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।