বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সৌদি আরবে ৩ বাংলাদেশি অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

সৌদি আরবে ৩ বাংলাদেশি অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

অপহৃত মো. কাউছার, মো. ইসলাম ও মো. মাসুদ। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুই ভাই ও তাদের খালুসহ তিনজনকে সৌদি আরবে অপহরণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে সৌদির রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনেরা।

অপহৃতরা হলেন উপজেলার চর শিবপুর গ্রামের মোসলেম মিয়ার দুই ছেলে মো. কাউছার ও মো. ইসলাম এবং তাদের খালু সলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ। স্বজনদের দাবি, তাদের ভিডিও কলে দেখিয়ে নির্যাতন চালিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। দ্রুত টাকা না পাঠালে তাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ ঘটনায় অপহৃতদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সৌদি পুলিশ অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে প্রবাসীরা স্বজনদের জানিয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে কাজ শেষে বৃহস্পতিবার রাতে খাবার খেতে বের হলে তাদের অপহরণ করা হয়। পরে শুক্রবার সকাল থেকে স্বজনদের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে অর্থ দাবি করতে থাকে অপহরণকারীরা। ইতিমধ্যে একটি পরিবার ধারদেনা করে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠালেও অপহরণকারীরা বাকি টাকার জন্য চাপ দিচ্ছে।

অপহৃত মাসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, শুক্রবার সকালে আমার স্বামীর ফোন থেকে ভিডিও কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না দিলে স্বামী ও ভাগিনাদের মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে। এ পর্যন্ত ৫০ বারের বেশি কল দিয়ে তাদের মারধরের দৃশ্য আমাদের সরাসরি দেখিয়েছে।

অপহৃত কাউছার ও ইসলামের মা বলেন, আমার ছোট ছেলে ইসলাম মাত্র এক মাস আগে আর বড় ছেলে কাউছার তিন বছর ধরে সৌদিতে রয়েছে। আমার ভাই হাসান সৌদিতে থেকে দেড় লাখ টাকা পাঠিয়েছে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, তিন যুবক অপহরণের বিষয়ে লিখিতভাবে বা মৌখিকভাবে এখনো কেউ জানাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz