সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ • হৃদয়ের সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশের, অপেক্ষায় লিটনও • চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না : নেতা-কর্মীদের তারেক রহমান • সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১ হাজার জুলাই যোদ্ধা • এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত • ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু • সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী • শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান • গোপালগঞ্জের ডিসিকে জনপ্রশাসনে বদলি, নতুন ডিসি জি. এম. সরফরাজ • সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় রোববার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স ও জুলাই স্মৃতিস্তম্ভও ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এদিন সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর কার্যত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছিল। এর আগে সকাল আটটা থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে শুরু করেন। পৌরসভার নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। পরে সেখান থেকে গাবতলা মোড়ে গিয়ে সালাউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন তারা।

একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও দুটি পৃথক মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে দা, রামদা, কাতরা, ফুলকুচি, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম, লগি-বইঠা ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

পরে সব মিছিল শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে একটি বড় সমাবেশে মিলিত হয়। সেখান থেকে নেতাকর্মীরা ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান এবং দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে উল্লাস প্রকাশ করেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং এফএনএফ সুপারশপের গ্লাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। একই সময়ে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যার ব্যক্তিগত কার্যালয়ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে ও মুছে ফেলে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক ভেঙে ও ব্যানার সরিয়ে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’-এর ব্যানার লাগিয়ে দেওয়া হয়। পরে পুরোনো লঞ্চঘাট এলাকা, সরকারি কলেজ এবং প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়ক যোগাযোগ অবরুদ্ধ করে রাখা হয়।

বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর চড়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় এপিসির পেছনের লুকিং গ্লাস ও একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয় এবং সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।

সদর এলাকার এই কর্মসূচির পাশাপাশি বিকেল চারটার দিকে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। বিক্ষোভ মিছিল চলাকালে তারা টুঙ্গিপাড়ায় বিএনপি-সমর্থিত তিন ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর স্থানীয় এক যুবদল নেতার কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিষিদ্ধঘোষিত দলটির এই ঝটিকা মিছিল ও সহিংসতার কারণে বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও সে সময় তাদের কার্যকর কোনো প্রতিরোধমূলক বা জোরালো তৎপরতা চোখে পড়েনি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz