সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মাঠের সাফল্য ও মানবিক কাজের স্বীকৃতি আস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি

মাঠের সাফল্য ও মানবিক কাজের স্বীকৃতি আস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ফুটবল মাঠে অসামান্য সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। জুরিবোর্ড তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ বলার পাশাপাশি তার সামাজিক কাজেরও প্রশংসা করে।

বৃহস্পতিবার স্পেনের ওভিয়েদো শহরের কাম্পোআমার থিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন রাজকুমারী লিওনর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া।

পুরস্কার গ্রহণের সময় থিয়েটারজুড়ে মেসিকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা। সেই উচ্ছ্বাস যেন পৌঁছে যায় তার জন্মভূমি আর্জেন্টিনাতেও।

অনুষ্ঠান শুরুর প্রায় ২০ মিনিট আগে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সরকারি গাড়িতে করে থিয়েটারে পৌঁছান মেসি। তাকে একনজর দেখতে বাইরে ভিড় জমান শত শত মানুষ। অন্য পুরস্কারজয়ীদের পাশাপাশি মেসিকে ঘিরেই ছিল দর্শকদের বিশেষ আগ্রহ।

ফুটবল ক্যারিয়ারে চারবার চ্যাম্পিয়নস লিগ, একবার বিশ্বকাপ ও দুবার কোপা আমেরিকা জিতেছেন মেসি। এ ছাড়া বিশ্ব ফুটবলের অসংখ্য রেকর্ডের মালিক তিনি। তবে শুধু মাঠের সাফল্যের জন্যই তাকে এই পুরস্কার দেওয়া হয়নি। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তার মানবিক উদ্যোগও বিচারকদের বিবেচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

পুরস্কারের বিচারকমণ্ডলী মেসির দাতব্য কর্মকাণ্ডের স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা এবং জাতিসংঘের শিশু তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

এ ছাড়া গত গ্রীষ্মে দাবানলে পুড়ে যাওয়া মাদ্রিদের পার্বত্য অঞ্চলের পুনরুদ্ধারে আর্থিক সহায়তা দিয়েও মানবিকতার পরিচয় দিয়েছেন মেসি। জনসমক্ষে আলোচিত এসব কর্মকাণ্ডের বাইরেও তার নানা সহায়তামূলক উদ্যোগ রয়েছে, যা সাধারণ মানুষের অগোচরেই থেকে যায়। পুরস্কারটির ক্ষেত্রে এমন মানবিক অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।

প্রতি বছর শিল্পকলা, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়। এবারের আসরে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে ফুটবলের বাইরেও তার অবদানের স্বীকৃতি দেওয়া হলো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মেসির সরাসরি আস্তুরিয়াস বিমানবন্দরে যাওয়ার কথা। সেখান থেকে উড়ে যাবেন নিউইয়র্কে। পরদিন মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন তারকার।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz