সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এনভিডিয়া সিইও হুয়াংয়ের ভাগ্য নির্ধারণে বৈঠকে বোর্ড

এনভিডিয়া সিইও হুয়াংয়ের ভাগ্য নির্ধারণে বৈঠকে বোর্ড

বিজ্ঞাপন
বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ সরবরাহকারী এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানো হবে কি না, তা সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এক সূত্রের বরাতে রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার গভীর রাতে এ বৈঠক শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে কোম্পানির নেতৃত্বে থাকা হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ ওঠার পর এ পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিচালনা পর্ষদের বৈঠকের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি এনভিডিয়া।
রোববারের অবস্থান থেকে এই বৈঠককে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ওই দিন এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াং ও তার নেতৃত্বাধীন দলের প্রতি আস্থা প্রকাশ করেছিল।

এনভিডিয়ার কোম্পানি পরিচালনার বিধি অনুযায়ী, পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ ভোটে হুয়াংকে যেকোনো কারণ দেখিয়ে বা কোনো কারণ না দেখিয়েই সরানো সম্ভব। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ১১ জন সদস্য রয়েছেন। হুয়াং ছাড়া বাকি সবাইকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচনা করা হয়।

হুয়াংকে যে এনভিডিয়া সরানোর প্রস্তুতি নিচ্ছে, সেই খবর প্রথম সামনে আনে ওয়াল স্ট্রিট জার্নাল। এরপর বাজারে নিয়মিত লেনদেনের সময়ের বাইরে কোম্পানিটির শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমে যায়।

রয়টার্স লিখেছে, এ দরপতন অব্যাহত থাকলে হুয়াংয়ের সঙ্গে চীনের গুপ্তচর বলে অভিযোগ ওঠা এক ব্যবসায়ীর সম্পর্ক নিয়ে পরিচালনা পর্ষদ তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে যাবে।

অ্যালিস হুয়াং নামের ওই ব্যবসায়ী এনভিডিয়ার চিপ চীনা কোম্পানিগুলোর কাছে পাঠাতে সহায়তা করেছিলেন কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তের খবর প্রকাশের পর একের পর এক ঘটনা ঘটতে থাকে।

রয়টার্স লিখেছে, ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার করপোরেট পরিচালনা ব্যবস্থা ও জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কোম্পানির পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এবং বাইরের আইনজীবী নিয়োগ দেয়। একই সময়ে চীনে চিপ রপ্তানির ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানান আইনপ্রণেতারা।

এনভিডিয়ার শেয়ারধারী বিনিয়োগ কোম্পানি মিনোটর ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও পোর্টফোলিও ব্যবস্থাপক আরমিনা রোজেনবার্গ বলেন, “বাজার এখন এনভিডিয়াকে তার প্রতিষ্ঠাতা ছাড়াই চলতে হবে—এমন পরিস্থিতি ধরে নিয়েই হিসাব করতে শুরু করেছে।
“এটিকে আর দূরবর্তী আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে না। জেনসেনকে হারানো হবে বড় ধরনের ধাক্কা।”

নেই উত্তরসূরি
রয়টার্স লিখেছে, হুয়াং চলে গেলে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের চিপ নির্মাতা কোম্পানিটিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হবে। তিন দশকের বেশি সময় আগে তিনিই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন।
পরে বৈশ্বিক এআই শিল্পের প্রসার এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার কেন্দ্রে থাকা চিপের শীর্ষ সরবরাহকারী হয়ে ওঠে এনভিডিয়া।

৬৩ বছর বয়সি হুয়াংয়ের স্পষ্ট কোনো উত্তরসূরি নেই। কোম্পানিটির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক তিনি। তার অধীনে সরাসরি কাজ করেন কয়েক ডজন কর্মকর্তা। এতে কোম্পানির ওপর তার কঠোর নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট।

সূত্রের বরাতে ব্লুমবার্গ বুধবার জানিয়েছে, হুয়াংয়ের সম্ভাব্য বিকল্প খুঁজতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

রোজেনবার্গ বলেন, এক দশকের বেশি সময় ধরে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী সিইওর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার প্রযুক্তিগত পরিকল্পনার নেতৃত্ব কে দেবেন, সেটিই বড় প্রশ্ন।

ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট পলিমার্কেটে হুয়াংয়ের পদত্যাগ বা বছরের শেষ নাগাদ তাকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা ৮৮ শতাংশ দেখানো হয়েছে। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন ইয়ান বাক। তিনি এনভিডিয়ার ডেটা সেন্টার গ্রাহকদের ব্যবসা দেখভাল করেন।

এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে এই অনিশ্চয়তা এমন এক সময়ে তৈরি হয়েছে, যখন আগামী ১৭ নভেম্বর কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক ফল ও ভবিষ্যৎ পরিকল্পনা জানার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

এর আগে বুধবার নিউ ইয়র্ক টাইমস জানায়, হুয়াং তার অধীনেই কাজ করা কোম্পানির এক নারী নির্বাহীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।
কোম্পানিতে কাজ করেছেন এমন পাঁচজনের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ওই নারী হলেন এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল।
বুধবার ফোনে পাওয়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে হুয়াং বলেন, “আমার সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না।”
এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

এ বিষয়ে মন্তব্য জানতে এনভিডিয়া ও পাওয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। রয়টার্সও খবরটির সত্যতা যাচাই করতে পারেনি।

গত অক্টোবরে জার্মানির বার্লিনে এনভিডিয়ার জিটিসি সম্মেলনে হুয়াংয়ের বক্তব্যের আগে পর্দায় কোম্পানির লোগো দেখানো হয়। ছবি: রয়টার্স

তদন্তের পরিধি বাড়ছে
রোববার কর্মীদের কাছে পাঠানো এক স্মারকে হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করতে পারেননি। এ জন্য তিনি ‘সম্পূর্ণ দায়’ স্বীকার করেন। তবে ওই সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযোগগুলো নিয়ে হুয়াংয়ের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এনভিডিয়া প্রধানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

চীনা গুপ্তচর বলে অভিযোগ ওঠা এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেওয়ার অনুরোধে সাড়া না দিলে হুয়াংকে কংগ্রেসের পক্ষ থেকে তলব করা হতে পারে।

এদিকে উচ্চপর্যায়ের কয়েকটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস বুধবার জানায়, এনভিডিয়ার চিপ চীনে পাচার করছে বলে সন্দেহভাজন কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আটকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউজ ও লুটনিকের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz