সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জোয়েল বেনাথান এ রায় ঘোষণা করেন। 

এদিন বিচারক ধর্ষণের মূল অপরাধের জন্য তার ৯ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া অন্যান্য যৌন নিপীড়নের তিন মামলায় যথাক্রমে ৮ মাস, ১৮ মাস ও ৯ মাসের সাজা নির্ধারণ করে আদালত মোট ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। 
   
৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে চার সপ্তাহের বিচার শেষে গত বৃহস্পতিবার তাকে এসব অভিযোগে দোষী সাব্যস্ত করেন জুরি বোর্ড।

৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। সাজা অনুযায়ী, তাঁকে কারাগারে মোট মেয়াদের দুই-তৃতীয়াংশ সময় কাটাতে হবে। এরপর শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন তিনি।

সাজা ঘোষণার সময় বিচারক ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নারীদের অসম্মতির প্রতি ব্র্যান্ডের আচরণে উদাসীনতা ও ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। 

এদিকে, শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্র্যান্ড। তাঁর দাবি, কারও সম্মতি ছাড়া তিনি কখনো যৌন সম্পর্কে জড়াননি।
রায়ের আগে বিচারকের সামনে ভুক্তভোগী নারীদের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। এ সময় একজন ভুক্তভোগী নারী সশরীরে আদালতে উপস্থিত হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার্থে আদালত পর্দা টাঙিয়ে তাকে আড়াল করার ব্যবস্থা করে, যেন রাসেল ব্র্যান্ড তাকে দেখতে না পান। অভিযোগ সামনে আনার জন্য নারীদের সাহস ও দৃঢ়তারও প্রশংসা করেন বিচারক। 

তদন্তকারী দলের প্রধান ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি জানান, আজকের রায় এটিই প্রমাণ করে যে রাসেল ব্র্যান্ডকে তার অপরাধের জন্য শেষ পর্যন্ত জবাবদিহির মুখোমুখি হতে হয়েছে।
তিনি আরও জানান, বহু বছর ধরে নিজেদের ওপর হওয়া ট্রমা চেপে রাখা ভুক্তভোগীরা ২০২৩ সালে দ্য সানডে টাইমস, দ্য টাইমস ও চ্যানেল ফোরের অনুসন্ধানী অনুষ্ঠান ‘ডিসপ্যাচেস’-এর যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের পর সামনে আসার সাহস পান। পুলিশ অন্য ভুক্তভোগীদেরও যেকোনো যৌন অপরাধের বিরুদ্ধে ভয় না পেয়ে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া  অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৪ জুন ইংল্যান্ডের এসেক্সে জন্মগ্রহণ করেন রাসেল ব্র্যান্ড। টেলিভিশন উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে অভিনয় ও স্ট্যান্ডআপ কমেডিতে সাফল্য পান ব্র্যান্ড। হলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত হয়ে ওঠেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ ও ‘আর্থার’।

২০০০-এর দশকে ‘বিগ ব্রাদার’স বিগ মাউথ’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। পরে বিবিসি রেডিওতেও অনুষ্ঠান উপস্থাপনা করেন। 

ব্যক্তিজীবন নিয়েও একসময় ব্যাপক আলোচনায় ছিলেন ব্র্যান্ড। ২০১০ সালে মার্কিন পপ তারকা কেটি পেরিকে বিয়ে করেন তিনি। তবে ১৪ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz