সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রুনা লায়লার দশ হাজার গানের বিস্ময়, গিনেস বুকে নাম

রুনা লায়লার দশ হাজার গানের বিস্ময়, গিনেস বুকে নাম

বিজ্ঞাপন
নাচের ঘুঙুর থেকে গানের মঞ্চ, পাকিস্তানের চলচ্চিত্র থেকে বাংলাদেশের সংগীতাঙ্গন—জীবনের প্রতিটি বাঁকে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন তিনি। প্রতিকূলতা, ঈর্ষা, বয়কট কিংবা সময়ের পরিবর্তন—কোনো কিছুই থামাতে পারেনি তার কণ্ঠের জাদু। দশ হাজারের বেশি গান, অসংখ্য সম্মাননা আর কোটি মানুষের ভালোবাসায় আজও তিনি উপমহাদেশের সংগীতের এক উজ্জ্বল নাম। তিনি রুনা লায়লা। তার জন্ম ১৯৫২ সালের ১৭ নভেম্বর।

কিছু কণ্ঠ থাকে, যাদের পরিচয় কোনো একটি দেশ, ভাষা কিংবা সময়ের গণ্ডিতে আটকে থাকে না। কিছু শিল্পী থাকেন, যাদের গান শুনলে প্রজন্মের ব্যবধান ঘুচে যায়, স্মৃতির দরজা খুলে যায়, আর সুরের সঙ্গে মিশে যায় ভালোবাসা। রুনা লায়লা তেমনই একজন শিল্পী। ছয় দশকেরও বেশি সময় ধরে যিনি গানকে করেছেন নিজের জীবন, আর সুর দিয়ে জয় করেছেন দেশ থেকে দেশান্তরের শ্রোতাদের হৃদয়।

বাংলা, হিন্দি, উর্দু কিংবা অন্যান্য ভাষা—যে ভাষাতেই গান গেয়েছেন, সেখানেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তার কণ্ঠে কখনো প্রেমের কোমলতা, কখনো বিরহের হাহাকার, কখনো উচ্ছ্বাসের ঝলক, আবার কখনো জীবনের গভীর উপলব্ধি। সময় বদলেছে, সংগীতের ধারা বদলেছে, বদলেছে শ্রোতার রুচি; কিন্তু রুনা লায়লার কণ্ঠের আবেদন হারায়নি।

দশ হাজারের বেশি গান গাওয়ার বিরল অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার মতো অর্জন তাকে শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের সংগীত ইতিহাসেরও এক অনন্য অধ্যায়ে পরিণত করেছে। তবে এই সাফল্যের গল্পের শুরুটা ছিল বেশ অন্য রকম।

আজ যাকে কোটি মানুষ সংগীতশিল্পী হিসেবে চেনেন, ছোটবেলায় তার প্রথম ভালোবাসা ছিল নাচ। করাচিতে কেটেছে রুনা লায়লার শৈশবের একটি বড় সময়। বাবা এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা লায়লা মেয়ের নাচের প্রতি আগ্রহ বুঝতে পেরে তাঁকে ভর্তি করিয়ে দেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে।

সেখানে আফরোজা বুলবুলের কাছে চার বছর কত্থক ও ভরতনাট্যম শেখেন তিনি। নাচের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল, তার একটি মজার স্মৃতিও রয়েছে। ছোটবেলায় নানির কাছ থেকে পাওয়া টাকা দিয়ে ভাইবোনেরা যখন নিজেদের পছন্দের জিনিস কিনেছিল, রুনা কিনেছিলেন এক জোড়া ঘুঙুর। সেই ঘুঙুর পরে বাড়িময় নেচে বেড়াতেন। 

কে জানত, ঘুঙুরের সেই ছন্দ একদিন মিশে যাবে তার গানের তালে! রুনা নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, নাচের সেই শিক্ষা এখনো তার পরিবেশনায় অজান্তেই ফিরে আসে। মঞ্চে গান গাওয়ার সময় কখনো কখনো তার শরীরী অভিব্যক্তিতে ফুটে ওঠে নাচের মুদ্রা।

নাচের পাশাপাশি গানের সঙ্গে তার পরিচয়ও হয়েছিল খুব ছোটবেলায়। বড় বোন দিনা লায়লা গান শিখতেন ওস্তাদ আবদুল কাদের ও হাবিব উদ্দিন আহমেদের কাছে। বোনের গানের তালিম চলত, আর পাশের ঘরে খেলতে খেলতে রুনা সেসব গান শুনে মুখস্থ করে ফেলতেন।

একসময় নিজেও গাইতে শুরু করেন। তার কণ্ঠে গান শুনে মুগ্ধ হন ওস্তাদ আবদুল কাদের। ছোট্ট মেয়েটির প্রতিভা বুঝতে তার দেরি হয়নি। ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিন এই মেয়েই গানে অনেক সুনাম অর্জন করবে।

সেই ভবিষ্যদ্বাণী যে এত বড় বাস্তবতায় রূপ নেবে, তা হয়তো তখন পরিবারের কেউই কল্পনা করতে পারেননি। নাচের মঞ্চের জন্য প্রস্তুত হওয়া মেয়েটিই একদিন হয়ে উঠলেন উপমহাদেশের সংগীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।

রুনা লায়লার সংগীতজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পাকিস্তানে। ১৯৬৪ সালের ২৪ জুন করাচির ইস্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন তিনি। পরের বছর ১৯৬৫ সালে মুক্তি পায় তার গাওয়া উর্দু চলচ্চিত্রের গান ‘গুড়িয়া সি মুন্নি মেরি’। তখন তার বয়স মাত্র ১২ বছর।

শুরুটা অবশ্য সহজ ছিল না। চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব পেয়ে বাবা প্রথমে রাজি হননি। সে সময় চলচ্চিত্রে কাজ করার বিষয়ে অনেকেরই নেতিবাচক ধারণা ছিল। কিন্তু মেয়ের আগ্রহ বুঝতে পেরে মা আমিনা লায়লা বাবাকে রাজি করানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সেই সুযোগ আসে, আর কিশোরী রুনার কণ্ঠ পৌঁছে যায় চলচ্চিত্রের পর্দায়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্প বয়সেই পাকিস্তানের সংগীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন তিনি। বরেণ্য সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ পান। তার কণ্ঠের স্বতন্ত্রতা, গায়কির বৈচিত্র্য এবং সুরের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

একসময় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী নূরজাহানের পর আলোচনায় উঠে আসে রুনা লায়লার নাম। সেখান থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ভারতসহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে।

একজন শিল্পীর জীবনে জনপ্রিয়তা যেমন আনন্দ নিয়ে আসে, তেমনি কখনো কখনো তা জন্ম দেয় ঈর্ষা ও বিরোধিতার। রুনা লায়লার জীবনেও এর ব্যতিক্রম ঘটেনি।

সত্তরের দশকের মাঝামাঝি বাংলাদেশে ফিরে আসেন তিনি। দেশীয় সংগীতাঙ্গনে তার প্রতিভা ও জনপ্রিয়তা ছিল আলোচিত। কিন্তু নতুন করে দেশের সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করতে গিয়ে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে সমসাময়িক কয়েকজন শিল্পীর পক্ষ থেকে তাকে বয়কটের ঘটনাও ঘটে। কেউ কেউ তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করতে কিংবা একসঙ্গে গান গাইতে আগ্রহী ছিলেন না।

রুনা লায়লা থেমে যাননি। কারও বিরোধিতায় হতাশ হয়ে পড়েননি। নিজের কাজ করে গেছেন আপন মনে। তাঁর ভাষায়, শ্রোতার ভালোবাসাই শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করতে সাহায্য করেছে।

জীবনের প্রতিকূলতা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জীবন মানে ইতিবাচকভাবে সবকিছু দেখা। নিজে ইতিবাচক থাকলে সবকিছুই ঠিক। মনের জোর থাকতে হয়। মনের জোর থাকলে অনেক বাধা অতিক্রম করা যায়।’

তার এই কথার মধ্যেই যেন লুকিয়ে আছে দীর্ঘ সংগীতজীবনের দর্শন। প্রতিভা থাকলেই সাফল্য আসে না; প্রতিকূলতার মধ্যেও নিজের ওপর বিশ্বাস ধরে রাখার শক্তি থাকতে হয়।

রুনা লায়লার সংগীতজীবনের ব্যাপ্তি সত্যিই বিস্ময়কর। বাংলা, হিন্দি, উর্দুসহ বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। চলচ্চিত্রের গান, আধুনিক গান, গজল, লোকসংগীত কিংবা মঞ্চ পরিবেশনা—প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন।

তার গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি বলে বিভিন্ন সময়ে উল্লেখ করা হয়েছে। এত বিপুলসংখ্যক গান গাওয়ার স্বীকৃতি হিসেবে তার নাম উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। শুধু সংখ্যার বিচারে নয়, ভাষা ও গায়কির বৈচিত্র্যেও তিনি অনন্য।

একজন শিল্পী যখন নিজের ভাষার সীমা অতিক্রম করে অন্য ভাষার শ্রোতার কাছেও সমান গ্রহণযোগ্য হয়ে ওঠেন, তখন তার অর্জন ব্যক্তিগত সাফল্যের চেয়ে অনেক বড় হয়ে যায়। রুনা লায়লা সেই বিরল শিল্পীদের একজন।

দীর্ঘ সংগীতজীবনে উপমহাদেশের অসংখ্য বরেণ্য শিল্পী, সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন রুনা লায়লা। তাদের সঙ্গে গড়ে উঠেছে পেশাগত সম্পর্ক, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন।

ভারতীয় সংগীতের কিংবদন্তি ভূপিন্দর সিংয়ের সঙ্গে তার সংগীত-সম্পর্কও বিশেষভাবে উল্লেখযোগ্য। মুম্বাইয়ের সংগীতাঙ্গনে কাজ করার সময় বিভিন্ন শিল্পী ও সুরকারের সঙ্গে তার যোগাযোগ আরও বিস্তৃত হয়। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক সংগীতমঞ্চেও নিজের অবস্থান তৈরি করেন তিনি।

তার কণ্ঠের অন্যতম বৈশিষ্ট্য হলো বহুমাত্রিকতা। একদিকে দ্রুত লয়ের গান, অন্যদিকে গভীর আবেগের গজল—দুই ক্ষেত্রেই তার স্বাচ্ছন্দ্য বিস্ময়কর। গানের কথার আবেগকে কণ্ঠে ধারণ করার অসাধারণ ক্ষমতা তাকে শ্রোতাদের কাছে আলাদা করে তুলেছে।

রুনা লায়লার কাছে জীবন মানে শুধু গান নয়, পরিবারও। নানা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কঠিন সময়ে পরিবারের সদস্যদের সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। প্রতিকূলতা এসেছে, হতাশ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে; কিন্তু নিজের প্রতিভা ও সৃষ্টিশীলতার ওপর বিশ্বাস হারাননি কখনো।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz