যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে আরও এক বছরের জন্য ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগের চুক্তির ধারাবাহিকতায় গোলাম মোর্তোজাকে ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সচিব পদমর্যাদায় তাঁকে মিনিস্টার (প্রেস) পদে এই নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
২০২৪ সালের ১৯ নভেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পান সাংবাদিক গোলাম মোর্তোজা। তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইনের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন।