বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে • আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না : রাশেদ খাঁন • সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন • কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি • রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির • রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি • রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার • ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা • খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক • বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে

আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই রায়কে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইসিজের রায়কে ভিত্তি করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের ওপর চাপ তৈরির আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।
শামা ওবায়েদ বলেন, ‘আজ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে গত ১০ বছর ধরে এই রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। আইসিজেতে আজ যে রায় দেওয়া হয়েছে তা এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। বাংলাদেশে যারা আশ্রয়দাতা সম্প্রদায় হিসেবে রয়েছেন কিংবা সামগ্রিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলব যে এটি একটি ইতিবাচক রায়।’

গাম্বিয়াকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রথমেই আমি গাম্বিয়াকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা সেই সময়ে এই মামলাটি দায়ের করেছিল। মিয়ানমারে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে অবিচার, নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হয়েছে বা এখনো হচ্ছে—তা বিবেচনায় নিয়ে মানবাধিকারের দিক থেকে এবং মানবিক কারণে গাম্বিয়া এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় যারা বহু বছর ধরে অর্থায়ন, অর্থনৈতিক সহায়তা এবং নানাবিধ মানবিক সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছে, আমি তাদেরও ধন্যবাদ জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আজ যে রায় দেওয়া হয়েছে, তা অত্যন্ত স্পষ্ট। এই রায়ে বলা হয়েছে যে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। বিষয়টি একেবারেই পরিষ্কার। সেখানে যে গণহত্যা সংঘটিত হয়েছে এবং রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা এই রায়ের মাধ্যমে বেরিয়ে এসেছে। শুধু তা-ই নয়, তারা আরও অনেক অন্যায় ও নৃশংসতা চালিয়েছে; এই রায়ের বিস্তারিত পড়লে সেসব বিষয়ও সামনে আসবে।’

শামা ওবায়েদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের একমাত্র আহ্বান হলো, এই রায়কে ভিত্তি করে তারা যেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা যায়। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।’

আইসিজের রায়কে কেন্দ্র করে রাখাইনে নতুন করে অস্থিরতা এবং সীমান্তে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘নিশ্চিতভাবেই এ বিষয়ে উদ্বেগ রয়েছে। তবে আমরা পুরোপুরি সতর্ক রয়েছি। সীমান্তে আমাদের যেসব কর্মী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিয়োজিত আছেন, যারা প্রতিদিন সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, সামলাচ্ছেন ও তদারকি করছেন, তারাও সতর্ক আছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কখনোই চায় না যে মিয়ানমারের ভূখণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আর কোনো নৃশংসতা বা নিপীড়ন ঘটুক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা আশা করি, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি বিষয়টি অনুধাবন করবে যে রোহিঙ্গা জনগোষ্ঠী মর্যাদার সঙ্গে নিজেদের দেশে ফিরে যেতে চায়। আজ যে রায় বা সিদ্ধান্ত এসেছে, তারা তার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে সহায়তা করবে।’

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz