বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না : রাশেদ খাঁন

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না : রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, তাহলে কেউ বাঁচতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ১৯  নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

রাশেদ বলেন, ‘আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না। এজন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে। কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই। তলে তলে আপোষ হয়েছে একথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আশা করি জামায়াত এবং এনসিপি কোন শর্ত না দিয়ে, শর্তহীনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। যদি বিরোধীদল মনে করে শুধুমাত্র সরকারি দল বিপদে পড়বে, এটি ভুলে যাবেন। আমরা সবাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ কিন্তু নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপাতে গিয়েছে।’

বিরোধীদল বা সরকারি দল, কেউ আওয়ামী লীগের হাতে নিরাপদ না- এমন দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘শীর্ষ নেতৃবৃন্দকে এটি বুঝতে হবে, তাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। আমি জামায়াত-এনসিপিকে রাজপথে নামার আহ্বান করছি এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, রাজপথে নামার কারণে আপনারা কেউ জেল-জুলুমের শিকার হবেন না। আপনারা আমাদের ভাই, একসঙ্গে আমরা লড়াই সংগ্রাম করেছি, আবার প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে ওদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে।’

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz