শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না—এ নিয়ে সন্দেহ থাকলেও বড় অর্জন হচ্ছে, দেশ-বিদেশে পলাতকদের সংগঠিত করা সম্ভব হয়েছে। যে যার সাধ্য অনুযায়ী যুক্ত হয়েছে। সহিংসতায় সরকারকে অস্থির করাই তাদের মূল লক্ষ্য। কর্মসূচির আড়ালে যেখানে যতটুকু সম্ভব রাজপথে সক্রিয় হয়ে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ করছে। ছকমতো নাশকতা নাশকতায় গেরিলা টিম ঘটাচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনায়। তথ্যদৃষ্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরপাকড় করলেও ফল তেমন মিলছে না। অধরারা পিছু হটছে না। ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে চলছে তাদের জোর তৎপরতা।
অনলাইনেই তারা আগামী দেড় মাস লকডাউন, ঝটিকা মিছিল ও সর্বাত্মক অবস্থানসহ নানা কর্মসূচি দেবে। ভিড়ে যাবে আন্দোলনরত গার্মেন্টস-বন্দর, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন শ্রমিকদের আন্দোলনের সাথে। এর বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম, গ্রুপ ও অনলাইনে নজরদারি বাড়িয়েও তেমন কূল মিলছে না। উপরন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার কাজে ব্যবহার হচ্ছে আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টদের পরিচালিত কয়েকটি গ্রুপ। নির্দেশনামতো বিদেশে পলাতক নেতাদের চালানো সামাজিক মাধ্যমগুলোকে আরও আপডেট করে চালাচ্ছে দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। সব মিলিয়ে গোপন নেটওয়ার্কে নাশকতার পরিকল্পনা ও সমন্বয়ে বেশ নতুনত্ব। রাষ্ট্রীয় শৃঙ্খলা বিনষ্ট, জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং সর্বোপরি সরকারকে রাজনৈতিক চাপে ফেলতে তা এরই মধ্যে কাজে দিতে শুরু করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নন-স্টপ ককটেল, হাতবোমা, আগুন একই প্যাকেজের ভিন্ন ভিন্ন অংশ। কর্মীদের তেজোদীপ্ত করে তোলার দায়িত্বে আছেন জাহাঙ্গীর কবির নানক, শামীম ওসমান, বাহাউদ্দীন বাহারসহ এ কাজে পরীক্ষিত-তুখোড় কয়েকজন। গাজীপুর-সাভার, আশুলিয়াসহ গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শ্রমিক উত্তেজনা জারি রাখার দায়িত্বে আছেন জাহাঙ্গীর।
দলটির সাবেক এমপি রণজিত সরকারের মতো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করে আবার চলে যাওয়ার আরও কয়েকটি ঘটনার তথ্য বিলম্বে হলেও জেনেছে সরকার। ডিসেম্বরকেন্দ্রিক নাশকতার এ গোপন ব্লুপ্রিন্ট সফল হলে তা দেশের সাপ্লাই চেইন, উৎপাদন খাতসহ পুরো অর্থনীতিকে এক মারাত্মক সংকটে ফেলবে বলে আশাবাদী আওয়ামী লীগ। যেকোনো উপায়ে এ গরল বাধাতে মরিয়া বিজনেস কমিউনিটির একটি অংশও। তাদের গোপন আর্থিক সহায়তায় দেশজুড়ে নাশকতার নেটওয়ার্কটি বেশ বেগবান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনলাইন তৎপরতা, ড্রোন নজরদারি, বিশেষ চেকপোস্ট সেখানে কোনো বাধা হচ্ছে না। তার ওপর এ কার্যক্রমে মোতায়েন করা হয়েছে দলটির বিশেষ কিছু ‘গেরিলা সদস্যকে’। যাদের মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরির সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের একটি অংশের সাথে তাদের কারও কারও হট কানেকশন চলছে।
এ ধরনের কয়েক পুলিশ কর্মকর্তাকে চোখে চোখে রেখেও সুবিধা করা যাচ্ছে না। নাশকতাকারীরা বিভিন্ন এনক্রিপ্টেড ও সিকিউরড চ্যাট অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে। গোয়েন্দা সংস্থার সাইবার উইং প্রায়ই পেরে উঠছে না তাদের সাথে। সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুনের একটি ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর এ ব্যাপারে সরকারের কিছুটা টনক নড়ে। অডিওটিতে বিএনপি, এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও রয়েছে। এরপর শুরু হয় সরকারি মহলের তৎপরতা। কিছু গোয়েন্দা তথ্যও মেলে। সেই আলোকে আওয়ামী লীগের চার মাস্টারমাইন্ডসহ শীর্ষ ও মধ্যম সারির ২৩ নেতাকে চিহ্নিত করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন সাবেক কয়েক মন্ত্রী, এমপি, মেয়র, দলীয় ও সহযোগী সংগঠনের নেতা।
নাশকতার পরিকল্পনা, অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ ও মাঠপর্যায়ে কর্মকাণ্ড পরিচালনায় কয়েকটি স্তরে কাজ করছে। দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে কয়লার চালানের সঙ্গে অবৈধ বিস্ফোরক ও অস্ত্র দেশে আনার তথ্যও রয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত চারজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আরও আছেন নিজাম হাজারী, নজরুল ইসলাম বাবু, মাইনুল হোসেন খান নিখিল, মির্জা আজম, ইসমাইল চৌধুরী সম্রাট, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আলাউদ্দিন চৌধুরী নাসিম, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনানসহ প্রবাসী কয়েক নেতা। কয়লার গাড়িতে করে বিস্ফোরক তৈরির উপাদান আনা হচ্ছে। বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দর ছাড়াও সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করা হচ্ছে। এসব উপাদান দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলসহ দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হচ্ছে। তৈরি করা এসব ককটেল রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকায় জড়ো করে পাঠানো হয় দেশের বিভিন্ন জায়গায়।
পুলিশের পাশাপাশি আওয়ামী লীগকে এ কাজে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছেন সরকারি কিছু কর্মকর্তা। সরকারের ভেতরে থেকে দলীয়পনায় সরকারের জন্য অস্বস্তি তৈরিতে তাদের বেশ ভূমিকা। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি পাওয়া এ কর্মকর্তারা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে টিকে আছেন বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতায়। তাদের কেউ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নানাভাবে সহযোগিতা করছেন। কেউ করছেন তথ্য সরবরাহ। চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের ঘটনা হাতেনাতে ধরা পড়ায় প্রকাশ্যে আসে বিষয়টি। এর আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এভাবে সংগঠিত হয়ে অ্যাকশনে নামার পেছনেও পুলিশ ও সিভিল প্রশাসনের বিশেষ কয়েকজনের সম্পৃক্ততা ফাঁস হয়।
এ বিষয়ে আরও জানতে প্রশাসনের আট লাখ কর্মকর্তা-কর্মচারীর সবার আপডেট আমলনামা তৈরির বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন গোয়েন্দা সংস্থাকে। সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের তিন আমল থেকে বর্তমান প্রশাসনে থাকা সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ তিন শতাধিক কর্মকর্তাকে। প্রশাসনে ওএসডি থাকা ডিসি, সচিবদের কর্মতৎপরতা বেশি করে খতিয়ে দেখতে বলা হয়েছে। ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে ২৮তম থেকে ৪৩তম বিসিএসের বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে, বিসিএস নিয়োগে দলীয় বিবেচনা, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগে অনিয়মের ঘটনা রয়েছে। তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ২১ জেলায়ই বর্তমানে বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তারা আছেন ডিসির দায়িত্বে। সংখ্যাগত দিক থেকে তাদের পাল্লা ভারী পুলিশ প্রশাসনে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই।