ন্যূনতম বেতনের দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর।
বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাকশ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকরা জড়ো হন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অন্যদিকে, সাভারের রাজফুলবাড়ী এলাকায়ও বেলা ১১টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।