গাজীপুরে ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৯
•
অনলাইন সংস্করণ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে এই আন্দোলন শুরু করেন।
এ সময় কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার দুটি কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সেখান থেকে সরে যান। এছাড়া মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিকরা আন্দোলনের চেষ্টা চালান।
এদিকে গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশের পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে মহাসড়কের কোথাও শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়নি। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান ও টহল দিতে দেখা গেছে। অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ক্রমাগত অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী মোট ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।