ডিসেম্বরকে ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা করছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ইনশা আল্লাহ, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত কয়েক দিনে সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদাপোশাকে অভিযান পরিচালনা করছে। অপরাধী ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে একাধিক অভিযান চালানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে। তবে সব অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়।
খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন বলেও জানান তিনি।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কোনো অপরাধ সংঘটনের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে, সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও পদাতিক টহল অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও নজরদারি করা হচ্ছে জানিয়ে এসআরবির এই কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে সংস্থাটির সাইবার মনিটরিং দল সার্বক্ষণিক কাজ করছে। কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযানিক দল কাজ করছে।