শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী • উপসাগরীয় বন্ধুদের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প • জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ • জিদানের প্রথম হার, ইতালির কাছে বিধ্বস্ত ফ্রান্স • এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক • বাংলাদেশের জনসংখ্যা আজ কূটনৈতিক শক্তি বা সফ্ট পাওয়ার • বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের • কাজী নজরুল ইসলাম অনূদিত ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ • তারেক রহমানের সামনে কঠিন চ্যালেঞ্জ : চাটুকারদের বলয় ভেঙে জনতার হৃদয়ে পৌঁছানোর সংগ্রাম • তৃতীয় ব্যক্তির প্রভাব মারাত্মক ক্ষতিকর!

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের সামনে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

আসাদুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। একইভাবে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকারের বা তার নিজের বিরুদ্ধে গেলেও সমস্যা নেই।

তিনি বলেন, গত প্রায় ৯ মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও এসব বিষয়ে কথা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।

মন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্মও অনুপ্রাণিত হবে। তারা বুঝতে পারবেন, ঝিনাইদহের উন্নয়ন ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz