বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্ক মাতানো ভাইরাল স্লোগানের পেছনে বাংলাদেশি তরুণ

নিউইয়র্ক মাতানো ভাইরাল স্লোগানের পেছনে বাংলাদেশি তরুণ

ছবি ঠিকানা

বিজ্ঞাপন
শারিনা ইসলাম :

নিউইয়র্ক নিক্সের ঐতিহাসিক এনবিএ চ্যাম্পিয়নশিপ জয়ের উন্মাদনার মধ্যে এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের মুখে উচ্চারিত একটি স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ২৩ বছর বয়সী এমডি আহনাফ হোসেনের বলা কয়েকটি ছন্দময় লাইন এখন নিউইয়র্কের ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে।

ভাইরাল হওয়া সেই স্লোগানটি ছিল :

“My mayor’s Muslim,
My bagel’s Jewish,
My Christian Dior,
Knicks in four.”

নিক্সের ফাইনাল জয়ের যাত্রাপথে তৈরি হওয়া এই স্লোগান দ্রুত টিকটক, এক্স (টুইটার) ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেন এবং বিভিন্ন সংস্করণে এটি পুনরায় ব্যবহার করতে শুরু করেন।

আহনাফ হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্কে বেড়ে উঠেছেন। তিনি বলেন, নিউইয়র্কের বহুসাংস্কৃতিক পরিচয়কে একসঙ্গে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। তার ভাষায়, তিনি এমন একটি বার্তা দিতে চেয়েছেন, যা মুসলিম, ইহুদি, বাংলাদেশি, পাকিস্তানি, হাইতিয়ানসহ নিউইয়র্কের সব সম্প্রদায়কে এক সুতোয় গেঁথে রাখে।

নিক্স শেষ পর্যন্ত সান আন্তোনিও স্পার্সকে হারিয়ে ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো এনবিএ চ্যাম্পিয়ন হয়। দলের জয়ের পর পুরো নিউইয়র্ক শহরে উৎসবের আমেজ তৈরি হয় এবং আহনাফের স্লোগান সেই উদযাপনের অন্যতম প্রতীক হয়ে ওঠে।

স্লোগানটি এতটাই জনপ্রিয় হয় যে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকেও এ বিষয়ে মন্তব্য করতে হয়। তিনি বলেন, অনেক মানুষ তাকে রাস্তায় দেখে "My Mayor's Muslim" বলে ডাকছেন এবং তিনি হাসতে হাসতে জবাব দিচ্ছেন, "হ্যাঁ, সেটাই সত্য।"

নিক্সের সিরিজ চার ম্যাচে শেষ না হওয়ায় পরে আহনাফ স্লোগানটির নতুন সংস্করণও তৈরি করেন :

“My mayor’s still Muslim,
My bagel’s still Jewish,
The Pope’s on our side,
Knicks in five.”

অবশেষে নিক্স পাঁচ ম্যাচেই শিরোপা নিশ্চিত করে এবং নতুন সংস্করণটিও সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

বিশ্লেষকদের মতে, এই স্লোগানের জনপ্রিয়তার মূল কারণ এর সরলতা, হাস্যরস এবং নিউইয়র্কের বহুজাতিক ও বহুধর্মীয় পরিচয়কে ইতিবাচকভাবে তুলে ধরা। অনেকের কাছে এটি শুধু একটি ক্রীড়া স্লোগান নয়, বরং বৈচিত্র্যের শহর নিউইয়র্কের একটি প্রতীকী বার্তা হয়ে উঠেছে।

নিউইয়র্কের মতো একটি বিশ্বনগরীতে একজন বাংলাদেশি তরুণের তৈরি একটি স্লোগান কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের দৃশ্যমানতা ও ইতিবাচক প্রতিনিধিত্বেরও একটি উল্লেখযোগ্য উদাহরণ।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz