যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৫:৫২
•
অনলাইন সংস্করণ
উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসন এবং জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের জনগণ ও সেখানকার নির্বাচিত সংসদ সদস্যদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে পানি ও নদী ব্যবস্থাপনা। বিশেষ করে পদ্মা ও তিস্তা নদীকেন্দ্রিক সমস্যার সমাধান এখন সময়ের দাবি।
তিনি বলেন, “রাজশাহী হোক কিংবা রংপুর বিভাগ—উত্তরাঞ্চলের প্রতিটি সংসদ সদস্যের দুটি বড় উদ্বেগের জায়গা হলো পানি এবং তিস্তা-পদ্মা নদী। এসব সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
বিএনপি সরকার সবসময় কৃষিবান্ধব নীতি অনুসরণ করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই কৃষকদের জন্য সেচ ও পানির প্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে, যাতে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও জনজীবনের প্রয়োজনে তা ব্যবহার করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, “বর্ষায় যে অতিরিক্ত পানি আসে, তা সংরক্ষণ করতে পারলে বছরের বাকি সময়ে কৃষকসহ সাধারণ মানুষের পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।”
তিস্তা প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।”
তিনি আশা প্রকাশ করেন, এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা, নদীভাঙন রোধ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।