যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো হামলা মোকাবিলায় ইরান সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
২৫ অক্টোবর (রবিবার) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাতিবজাদে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ বেশ কিছু ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছে। এখন তাদের নিজেদের সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হচ্ছে।
ইরানি এই কর্মকর্তা বলেন, ইউরোপীয় শক্তিগুলো নিজেদের ‘ভুল নীতি’র কারণে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোণঠাসা হয়ে পড়েছে। ইসরায়েলের ‘অপরাধ এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের বারবার লঙ্ঘনের’ ঘটনা থেকে ইউরোপের দেশগুলোর দূরত্ব বজায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
খাতিবজাদে আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া বন্ধ না করছে এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে আন্তরিক পদক্ষেপ না নিচ্ছে, ততক্ষণ তাদের ওপর আস্থা রাখা কঠিন।
তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইউরোপের নীতি নিয়ে ইরানের অসন্তোষ এবং সামরিক সহযোগিতা বন্ধের দাবি স্পষ্ট হয়েছে।