বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেলের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। প্রবাসীদের কল্যাণ, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি, নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং সদস্যসেবার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছেন প্রার্থীরা।
সেলিম-আলী প্যানেল : আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সেলিম-আলী প্যানেলের নির্বাচনী ইশতেহারে নিজস্ব বাংলাদেশ ভবন বা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার অসমাপ্ত উদ্যোগ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ফেডারেল, স্টেট ও সিটি সরকারের অনুদান সংগ্রহের মাধ্যমে সোসাইটির সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের অঙ্গীকার করা হয়েছে।
ইশতেহারে নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বাংলা স্কুলের পরিধি বৃদ্ধি, হোমওয়ার্ক হেল্প সেন্টার চালু, ইমিগ্রেশন ও আইনি পরামর্শ, সরকারি চাকরি ও প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিম্নআয়ের প্রবাসীদের আবাসন ও সরকারি সুবিধা পেতে সহায়তার কথা বলা হয়েছে।
এ ছাড়া প্রবাসীদের শেষকৃত্যে সহযোগিতা, পাঁচটি ভোটকেন্দ্রভিত্তিক এলাকায় পাঁচটি ওয়ার্কিং ও অ্যাডভাইজরি কমিটি গঠন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বাংলাদেশে প্রবাসীদের জানমাল ও সম্পদের নিরাপত্তায় বিশেষ সুরক্ষা সেল গঠনের প্রতিশ্রুতি রয়েছে।
নিউইয়র্ক থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে পাঠানো, কনস্যুলার সেবা, ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সহজ করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে প্যানেলটি।
নির্বাচনী প্রচারের শুরু থেকে সেলিম-আলী প্যানেল লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে তাদের ইশতেহার জানিয়ে আসছে।
কুনু-ফিরোজ প্যানেল : সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন কুনু-ফিরোজ প্যানেল সাত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এতে স্থায়ী বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, ধর্ম-বর্ণনির্বিশেষে সাশ্রয়ী ফিউনারেল হোম সেবা চালু, নিউইয়র্ক-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু এবং প্রবাসীদের ইমিগ্রেশন ও আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
প্যানেলটি তরুণদের কর্মসংস্থান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা, নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বার্ষিক ইয়ুথ কনভেনশন আয়োজন এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার অঙ্গীকার করেছে।
পাশাপাশি বাংলাদেশ সোসাইটির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সমান মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্যানেলের নেতারা।
গত ১৫ অক্টোবর দুপুরে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে কুনু-ফিরোজ পরিষদের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের অস্থায়ী অফিসে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। এসময় বক্তব্য দেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ বিভিন্ন পদের প্রার্থীরা।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজিজ, কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জামাল আহমেদ জনি ও নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির নেতা মইনুল ইসলাম, বেলাল মাহমুদ, প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ, আনোয়ার প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ : সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ দশ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এতে সদস্য নিবন্ধন আধুনিকায়ন ও অনৈতিক ভোটার নিবন্ধন ব্যবস্থা বিলুপ্ত, প্রশাসন ও অর্থব্যবস্থায় স্বচ্ছতা, নিজস্ব কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার বাস্তবসম্মত পরিকল্পনা এবং বর্তমান সোসাইটি অফিসের ভায়োলেশন নিরসনের প্রতিশ্রুতি রয়েছে।
ইশতেহারে সমন্বিত সদস্যসেবা কেন্দ্র ও মোবাইল ক্লিনিক চালু, বাংলা ও ইংরেজিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ২৪ ঘণ্টার কাস্টমার কেয়ার সেবা এবং নিউইয়র্কের পাঁচটি বরো থেকে প্রতিবছর তিনজন করে মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এ ছাড়া সদস্যদের দাফন বা সৎকার এবং মরদেহ বাংলাদেশে পাঠাতে সহায়তা, নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান ও পেশাজীবী নেটওয়ার্ক গঠন এবং প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণের অঙ্গীকার করেছেন তিনি।
রাব্বী সৈয়দ জানিয়েছেন, নির্বাচিত হলে কাজের অগ্রগতি, অনুমোদিত ব্যয়ের হিসাব ও বাস্তবায়নের প্রতিবন্ধকতা সদস্যদের সামনে প্রকাশ করবেন। তবে ইশতেহারের বাস্তবায়ন সোসাইটির গঠনতন্ত্র, প্রযোজ্য আইন, প্রয়োজনীয় অনুমোদন ও আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করবে।
উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর রোববার বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি পদে দুই প্যানেলের ৪২ জন এবং সাধারণ সম্পাদক পদে রাব্বী সৈয়দ স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।