ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, দুর্ভোগে ২০ হাজার যাত্রী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৮:৪৯
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট সূচি ব্যাহত হচ্ছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ২৮টি।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় যাত্রীদের মধ্যে যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় বিপাকে পড়েছেন বিপুলসংখ্যক যাত্রী। বিশেষ করে যাদের ভ্রমণসূচি নির্ধারিত ছিল, তাদের নতুন সময়সূচির জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণে কাজ করছে বেবিচক।