নিউজার্সির ওয়েস্ট মিলফোর্ডে অবস্থিত ক্লিনটন রোড। ঘন বন ও রহস্যময় সব লোককাহিনির কারণে সড়কটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।
গভীর রাত। চারদিকে ঘন জঙ্গল। রাস্তার দুই পাশে সারি সারি গাছ। কোথাও বাড়িঘর নেই, নেই পথবাতির আলো। গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায়, তার বাইরে শুধুই অন্ধকার। হঠাৎ রিয়ারভিউ মিররে দেখা গেল দুটি হেডলাইট। পেছন থেকে দ্রুত এগিয়ে আসছে একটি গাড়ি। কিন্তু পরমুহূর্তেই সেটি উধাও! কোথায় গেল গাড়িটি? কে চালাচ্ছিল? আদৌ কি কোনো গাড়ি ছিল?
এমনই সব রোমহর্ষক গল্প ছড়িয়ে আছে নিউইয়র্ক সিটি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে, নিউজার্সির একটি নির্জন সড়ককে ঘিরে। নাম ক্লিনটন রোড।
মাত্র ১০ মাইল দীর্ঘ এই সড়কটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গাড়ি ভাড়া প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিক্সট-এর ২০২৬ সালের তালিকায় বিশ্বের সবচেয়ে ভৌতিক সড়কের প্রথম স্থান দখল করেছে ক্লিনটন রোড। আর আসন্ন হ্যালোইনকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছে এর গা ছমছমে সব কাহিনি।
কিন্তু কী আছে এই রাস্তায়? কেন এত ভয়? সত্যিই কি এখানে অশরীরীদের আনাগোনা, নাকি মানুষের কল্পনা আর অন্ধকারের মিশেলে তৈরি হয়েছে এক বিস্ময়কর রহস্য?
দশ মাইলের রাস্তা, শত বছরের রহস্য
নিউজার্সির প্যাসেইক কাউন্টির ওয়েস্ট মিলফোর্ড এলাকায় ক্লিনটন রোডের অবস্থান। রুট ২৩-এর কাছ থেকে শুরু হয়ে আপার গ্রিনউড লেক এলাকার দিকে চলে গেছে আঁকাবাঁকা এই পথ। দুই পাশে ঘন বন, জলাধার ও পাহাড়ি প্রকৃতি।
দিনের বেলায় অন্য দশটি গ্রামীণ সড়কের মতোই মনে হতে পারে ক্লিনটন রোডকে। কিন্তু সূর্য ডুবে গেলে পাল্টে যায় পরিবেশ। ঘন গাছপালার আড়ালে হারিয়ে যায় শেষ আলোটুকুও। দীর্ঘ নির্জন পথ, তীক্ষ্ণ বাঁক আর লোকালয়ের অনুপস্থিতি তৈরি করে এক অস্বস্তিকর অনুভূতি।
এই সড়ককে ঘিরে রহস্যের গল্প অবশ্য নতুন নয়। স্থানীয় লোককাহিনি নিয়ে প্রকাশিত জনপ্রিয় সাময়িকী ‘উইয়ার্ড নিউজার্সি’ (ডবরৎফ ঘঔ) বছরের পর বছর ধরে ক্লিনটন রোডের বিচিত্র সব ঘটনা সংগ্রহ করেছে। পাঠকদের কাছ থেকে পাওয়া দুই শতাধিক চিঠি ও স্থানীয় ইতিহাস নিয়ে তারা প্রকাশ করেছে বিশেষ সংকলনও।
ভূত, ডাইনি, রহস্যময় আলো, কালো পিকআপ ট্রাক কিংবা জঙ্গলের মধ্যে অদ্ভুত প্রাণী—কী নেই সেই গল্পে!
সেতুর নিচে মৃত শিশু, মুদ্রা ফেললেই ফেরত দেয়!
ক্লিনটন রোডের সবচেয়ে বিখ্যাত রহস্যের নাম ‘ঘোস্ট বয় ব্রিজ’। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী, বহু বছর আগে একটি ছোট্ট শিশু সেতু থেকে নিচের পানিতে পড়ে মারা যায়। সেই শিশুর আত্মা নাকি আজও সেতুর আশপাশে ঘুরে বেড়ায়।
প্রচলিত গল্পে বলা হয়, গভীর রাতে সেতুর নিচে মুদ্রা ফেললে কিছুক্ষণ পর সেটি রহস্যজনকভাবে ফিরে আসে। কেউ কেউ দাবি করেন, অন্ধকারে শিশুর অবয়বও দেখা যায়। আবার গল্পের অন্য সংস্করণে বলা হয়, সেতুর কিনারায় দাঁড়ালে অদৃশ্য কেউ ধাক্কা দেয়।
ক্লিনটন ব্রুকের ওপর অবস্থিত একটি সেতু ও ‘ডেড ম্যানস কার্ভ’ নামের বাঁককে ঘিরেই এসব গল্পের বিস্তার। তবে শিশুটির মৃত্যুর ঘটনা কিংবা আত্মার উপস্থিতির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। তা সত্ত্বেও কৌতূহলী মানুষের কাছে সেতুটি হয়ে উঠেছে ক্লিনটন রোডের অন্যতম আলোচিত স্থান।
পেছন থেকে ধেয়ে আসে কালো ট্রাক, তারপর হঠাৎ উধাও!
আরেকটি বহুল প্রচলিত গল্প রহস্যময় এক কালো পিকআপ ট্রাক নিয়ে। কথিত আছে, গভীর রাতে ক্লিনটন রোড দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ পেছনে দেখা যায় একটি ট্রাক। সেটি বিপজ্জনকভাবে কাছে চলে আসে। চালক গতি বাড়ালে ট্রাকটিও গতি বাড়ায়। মনে হয়, যেন কেউ ইচ্ছাকৃতভাবে ধাওয়া করছে। অথচ রাস্তার শেষ প্রান্তে পৌঁছানোর আগেই সেটি নাকি অদৃশ্য হয়ে যায়।
এমন গল্পের পাশাপাশি রয়েছে রহস্যময় স্পোর্টস কার, চালকবিহীন হেডলাইট এবং রাস্তার পাশে অচেনা মানুষের ছায়ামূর্তি দেখার দাবি। এসব গল্পের সত্যতা প্রতিষ্ঠিত না হলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলো ক্লিনটন রোডের ভৌতিক পরিচিতিকে আরও শক্তিশালী করেছে।
জঙ্গলের ভেতরে পরিত্যক্ত দুর্গ, অশুভ আচার-অনুষ্ঠানের গুজব
ক্লিনটন রোডের রহস্য কেবল সড়কের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাশের গভীর জঙ্গলে রয়েছে এক পুরোনো দুর্গের ইতিহাস।
বিংশ শতাব্দীর গোড়ায় ব্যবসায়ী রিচার্ড ক্রসের নির্মিত ‘ক্রস ক্যাসল’ একসময় ছিল বিশাল ব্যক্তিগত স্থাপনা। পরবর্তী সময়ে এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত দুর্গটির অবশিষ্টাংশও অনেকাংশে সরিয়ে ফেলা হয়। তবে সেই পরিত্যক্ত দুর্গকে ঘিরে জন্ম নেয় আরও অন্ধকার সব কাহিনি।
গুজব ছড়ায়, গভীর রাতে সেখানে গোপন সংগঠনের সদস্যরা জড়ো হতেন। কেউ দাবি করেন, সেখানে শয়তানপূজা ও রহস্যময় আচার-অনুষ্ঠান চলত। এমনকি বর্ণবাদী সংগঠন কু ক্লাক্স ক্ল্যানের গোপন সমাবেশের গল্পও শোনা যায়।
এসব অভিযোগের অনেকগুলোরই নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। কিন্তু দুর্গের ধ্বংসাবশেষ এবং দীর্ঘদিনের পরিত্যক্ত পরিবেশ গল্পগুলোকে বাঁচিয়ে রেখেছে। তবে সবই কি গল্প? এখানে সত্যিকারের হত্যাকাণ্ডের ইতিহাসও রয়েছে
ভৌতিক গল্পের বাইরে ক্লিনটন রোডের সঙ্গে জড়িয়ে আছে বাস্তব অপরাধের ইতিহাসও।
১৯৮৩ সালের মে মাসে এই সড়কের পাশের বনাঞ্চল থেকে ড্যানিয়েল ডেপনার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি পরবর্তী সময়ে কুখ্যাত খুনি রিচার্ড কুকলিনস্কি, যিনি ‘দ্য আইসম্যান’ নামে পরিচিত, তাঁর অপরাধের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়।
এই হত্যাকাণ্ড ক্লিনটন রোডের অন্ধকার পরিচিতিকে নতুন মাত্রা দেয়। ভৌতিক কাহিনির তুলনায় এটি ছিল বাস্তব, নথিভুক্ত একটি অপরাধের ঘটনা। তবে একটি সত্যিকারের অপরাধ সংঘটিত হওয়া মানেই সেখানে প্রচলিত অতিপ্রাকৃত গল্পগুলো সত্য—এমনটি নয়।
১০ লাখের বেশি গুগল সার্চ, বিশ্বের এক নম্বর!
বিশ্বের সবচেয়ে ভৌতিক সড়কগুলোর ২০২৬ সালের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গাড়ি ভাড়া প্রতিষ্ঠান সিক্সট। তালিকায় প্রথম ক্লিনটন রোড। দ্বিতীয় স্থানে নিউ হ্যাম্পশায়ারের কানকামাগাস হাইওয়ে এবং তৃতীয় স্থানে ক্যালিফোর্নিয়ার রুট ৬৬।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্লিনটন রোড নিয়ে গুগলে প্রায় ১০ লাখ ৮০ হাজার এবং টিকটকে দুই লাখ ৬০ হাজারের বেশি সার্চ হয়েছে। তবে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে অনলাইনে ভৌতিক রাস্তা নিয়ে মানুষের অনুসন্ধান ও আগ্রহের তথ্য বিশ্লেষণ করে। কোনো সড়কে সত্যিই ভূত রয়েছে, এটি তার বৈজ্ঞানিক প্রমাণ নয়।
গত ১০ অক্টোবর নিউইয়র্ক পোস্টও ক্লিনটন রোডকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। ফলে হ্যালোইনের ঠিক আগে আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে নিউজার্সির এই সড়ক।
ক্লিনটন রোডের রহস্য এতটাই জনপ্রিয় যে ২০১৯ সালে ক্লিনটন রোড নামে একটি হরর চলচ্চিত্রও নির্মিত হয়েছে, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় র্যাপার ও অভিনেতা আইস-টি।
পুলিশ কী বলছে? এত বছরেও ভূতের দেখা মেলেনি!
সবচেয়ে মজার বিষয় হলো, ক্লিনটন রোডের রহস্য নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন।
ওয়েস্ট মিলফোর্ড টাউনশিপের সরকারি ওয়েবসাইটে এই সড়ক সত্যিই ভৌতিক কি না—এমন প্রশ্নের উত্তরও দেওয়া রয়েছে।
পুলিশ বিভাগের বক্তব্য অনুযায়ী, ৩০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তারাও সেখানে কখনো ভূত দেখেননি। তবে ভূত খোঁজার নামে স্থানীয় বাসিন্দাদের হয়রানি কিংবা সড়কে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্টভাবে জানিয়েছে প্রশাসন।
কর্তৃপক্ষের এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ। কারণ আঁকাবাঁকা ও নির্জন সড়কে গভীর রাতে হঠাৎ গাড়ি থামানো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করা বাস্তব বিপদ ডেকে আনতে পারে।
রহস্যের শেষ কোথায়?
ভূতের অস্তিত্ব প্রমাণিত না হলেও ক্লিনটন রোডকে ঘিরে মানুষের কৌতূহলের যেন শেষ নেই।
প্রতিবছর বিশেষ করে হ্যালোইনের সময় রহস্যপ্রেমী, অভিযাত্রী ও কৌতূহলী পর্যটকদের আলোচনায় ফিরে আসে সড়কটির নাম।
মনোবিজ্ঞানের দৃষ্টিতে, অন্ধকার, নিস্তব্ধতা, অপরিচিত পরিবেশ এবং আগে থেকে শোনা ভৌতিক গল্প মানুষের স্বাভাবিক ভয়কে তীব্র করে তুলতে পারে। কখনো সাধারণ গাড়ির আলো, গাছের ছায়া কিংবা বনের অচেনা শব্দও হয়ে উঠতে পারে রহস্যময় অভিজ্ঞতা। কিন্তু ব্যাখ্যা থাকলেই কি ভয় কেটে যায়?
নিউইয়র্কের ব্যস্ত নগরজীবন থেকে খুব বেশি দূরে নয় ক্লিনটন রোড। হাজারো গাড়ি, আলোকোজ্জ্বল ভবন আর মানুষের কোলাহল থেকে মাত্র কিছুটা পথ পেরোলেই এমন এক পরিবেশ, যেখানে প্রকৃতির নিস্তব্ধতা আর মানুষের কল্পনা মিলে তৈরি করেছে শত বছরের রহস্য।
দিনের আলোয় এটি হয়তো নিছকই একটি সুন্দর বনপথ। রাতের অন্ধকারে সেই একই পথ হয়ে ওঠে ভয়, কৌতূহল ও রোমাঞ্চের এক অন্য জগৎ।
ক্লিনটন রোডে সত্যিই ভূত আছে কি না, তার প্রমাণ আজও মেলেনি। তবে একটি বিষয় নিশ্চিত—ভূত থাকুক বা না থাকুক, এই সড়কের গল্প মানুষের মনে ভয় ধরাতে একাই যথেষ্ট।