শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা • নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প • কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ • হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন? • কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ • ঢাকা দূষিত শহরের তালিকায় প্রথম বা দ্বিতীয়, এটি দেশের জন্য লজ্জার : প্রধানমন্ত্রী • দেশে ফের বাড়ল ডলারের দাম • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ • মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী এবং কেন গুরুত্বপূর্ণ • নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন?

হেনস্তার আগে দূতাবাস ড. ইউনূসকে নিরাপত্তা দেয়নি কেন?

ছবি ঠিকানা

বিজ্ঞাপন
নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর বিচার যদি বাংলাদেশ সরকারের হাতে না থাকে, তাহলে তারা হয়তো করতে পারবে না। কিন্তু দূতাবাস তো ভিভিআইপি হিসেবে ড. ইউনূসের নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। সেটা হলে এই হেনস্তা প্রতিরোধ করা যেত। এ ক্ষেত্রে ড. ইউনূস নিজের আসার বিষয়টি দূতাবাসকে আগে জানিয়েছিলেন কি না, সেটাও একটি বিষয়। তবে তিনি জানানোর পর যদি ব্যবস্থা না করা হয়, সেটা দূতাবাসের ব্যর্থতা। এসব কথা বলেছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সালাহউদ্দিন আইউবী।

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরও বলেন, ‘এই টকশোর জনমত জরিপে দেখা যাচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যে বলেছেন, ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এতে যে কাজ হবে, বেশির ভাগ জনগণ তাতে ভরসা রাখতে পারছে না। দেশের পররাষ্ট্রনীতিতে এখন লেজেগোবরে অবস্থা। দুজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পৃথিবীর আর কোথাও আছে কি না, আমার জানা নেই।’

‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আগে কিন্তু বলা হয়েছিল, ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানেও তারা কিছু করতে পারেনি। এ কারণে জনগণ মন্ত্রীদের কথায় আস্থা রাখতে পারছে না’, যোগ করেন জামায়াতের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।

১৫ অক্টোবর বৃহস্পতিবার এই টকশোতে অতিথি হিসেবে আরও ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। যেখানে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন দুই অতিথি।

বিএনপি সরকারের বয়স এখন প্রায় আট মাস। এই সময়ে সরকার জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পেরেছে, এই দাবি করা ঠিক হবে না, এটা মানছেন সরকারি দলের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি আরও বলেন, ‘আট মাসে একটি সরকার ব্যর্থ, কেউ যদি এই সিদ্ধান্তে যায়, এটাও ঠিক হবে না। সরকারের কিছু অর্জন তো অবশ্যই আছে। সারা দুনিয়ায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে আছে। কিন্তু বাজেটের পর এবার কিন্তু সরকারি উদ্যোগের কারণে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়েনি। কিছু ক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে যে হারে বৃদ্ধির কথা ছিল সেই হারে বাড়েনি।’

‘ইউক্রেন যুদ্ধ চলতে থাকা অবস্থায় ইরান যুদ্ধ শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব- সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তবে পাকিস্তানের তুলনায় আমাদের দেশে অকটেনের দাম এখনো কম। তবু তেলের দামের সঙ্গে বিদ্যুৎ, কৃষি, যানবাহন- সবকিছু জড়িত। সে কারণে কিছু সমস্যা তো হচ্ছেই’, যোগ করেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

তবে নিরাপত্তা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের তুলনায় এখন ভালো বলে দাবি করলেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, মাজারে হামলা তেমন একটা নেই। ঘোষণা দিয়ে পত্রিকা অফিসে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক সহিংসতাও কমে এসেছে। জামায়াত জোটের লংমার্চেও পুলিশ বাধা দেয়নি। আগের তুলনায় কমে এলেও মব এখনো শতভাগ নিয়ন্ত্রণ করা যায়নি, এটা স্বীকার করলেন তিনি।

এদিকে সাতক্ষীরার দেবহাটায় দফায় দফায় মবের মাধ্যমে হত্যা করা হয়েছে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক ব্যক্তিকে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। শামীমের বিরুদ্ধে করা 'মবে' স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে পরিবার। এমন অভিযোগের সঙ্গে একমত নন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সালাহউদ্দিন আইউবী।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলেই জামায়াতকে জড়ানোর একটি প্রবণতা রয়েছে। অথচ আমাদের দল আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমর্থন করে না। যদি নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়, সাতক্ষীরার ঘটনায় জামায়াতের কেউ জড়িত, তখন আমরা অবশ্যই চাইব তার বিচার হোক। কিন্তু আন্দাজে আমাদের দলের কাউকে দোষ দেওয়া ঠিক হবে না।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz