বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিংকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ প্রতিনিধিদল। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধিদল একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্বব্যাংকের সদর দপ্তরে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

একই দিনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উন্নয়ন সহায়তা, বিনিয়োগ সম্ভাবনা এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে পারস্পরিক আগ্রহের বিষয়গুলো উঠে আসে।
এছাড়াও প্রতিনিধিদল আটলান্টিক কাউন্সিল এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সঙ্গেও পৃথক বৈঠক করেছে। এসব আলোচনায় উন্নয়ন সহযোগিতা জোরদার, অবকাঠামো খাতে বিনিয়োগ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারিত্বের পথ প্রসারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এর পাশাপাশি ইউএস চেম্বার অব কমার্স ভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) আয়োজিত একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন অর্থমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল। সেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তারা। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, ব্যবসা সম্প্রসারণের সুযোগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিংকে ঘিরে এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।



ঠিকানা/এসআর
নিউজটি শেয়ার করুন