নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। ল্যাপটপ ফিরে পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই পর্যটক। রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর মডেল থানা পুলিশ ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ক্রিল ল্যান্ডার বলেন, অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।
এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন।
একপর্যায়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়।
ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান পর্যটকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি এর ভেতরে লুকিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই যুবক।