শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প • রান্নাঘর ঝাড়ু দিচ্ছিলেন, ফোনে এল নোবেল জয়ের খবর • শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, এর বিকল্প নেই • পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ • ইউক্রেনে দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩, আহত ১৮ • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে • প্রধানমন্ত্রীর নতুন বিশেষ সহকারী গিয়াস উদ্দিন • রংপুরে ৪ খুন : সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ • স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শেখাতে ব্রুকলিনে ৪ হাজার ডলার

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ইহুদিবিদ্বেষ মোকাবিলায় নিউইয়র্ক সিটির প্রথম সমন্বিত কৌশল ঘোষণা মামদানির

​ইহুদিবিদ্বেষ মোকাবিলায় নিউইয়র্ক সিটির প্রথম সমন্বিত কৌশল ঘোষণা মামদানির

বিজ্ঞাপন
ইহুদি নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ও ইহুদিবিদ্বেষ মোকাবিলায় নগরীর প্রথম সমন্বিত কৌশল ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি।  ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মেয়রের ইহুদিবিদ্বেষ মোকাবিলাবিষয়ক দপ্তর পরিকল্পনাটি প্রকাশ করে। 
নগর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ঘৃণামূলক অপরাধ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করা কমিউনিটি সংগঠনগুলোকে ৬৪ লাখ ডলার অনুদান দেওয়া হবে। ‘ঘৃণার বিরুদ্ধে অংশীদারত্ব’ কর্মসূচিতে এই বরাদ্দ গত বছরের দ্বিগুণ। সিনাগগসহ বিভিন্ন উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে আরও ১০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।
নিরাপত্তার পাশাপাশি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে পরিকল্পনায়। শিক্ষার্থীদের ইহুদি ইতিহাস ও হলোকাস্ট সম্পর্কে জানার সুযোগ বাড়াতে ইহুদি ঐতিহ্য জাদুঘরে শিক্ষা সফরের পরিসর বাড়ানো হবে। কুইন্সে হলোকাস্ট স্মৃতিসৌধের কাজ শেষ করতে ২০ লাখ ডলার এবং সেন্ট্রাল ব্রুকলিনে নতুন ইহুদি সংস্কৃতিকেন্দ্রের জন্য ২৫ লাখ ডলার বিনিয়োগের কথাও রয়েছে। 
বৈষম্যের অভিযোগ কোথায় জানাতে হবে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে নিউইয়র্কের পাঁচটি বরোজুড়ে প্রচার চালাবে নগর কর্তৃপক্ষ। লিংকএনওয়াইসিসহ বিভিন্ন জনসমাগমস্থলে প্রচারিত বার্তায় নগরীর মানবাধিকার আইনের আওতায় অভিযোগ জানানোর পদ্ধতি তুলে ধরা হবে। ইহুদি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে কাজ করতে বিভিন্ন নগর সংস্থার সমন্বয়ে গঠিত একটি কার্যদলও পুনরায় সক্রিয় করা হবে।
মেয়র মামদানি বলেছেন, নিউইয়র্কে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই। তাঁর প্রশাসন ইহুদি নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের ইতিহাস সম্পর্কে শিক্ষা দেওয়া এবং সংস্কৃতি উদ্‌যাপনে কাজ করবে। দপ্তরের নির্বাহী পরিচালক ফিলিসা উইজডম বলেন, এ সমস্যা মোকাবিলায় একটি কর্মসূচি বা সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; নগর সরকারের বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘৃণামূলক সহিংসতা প্রতিরোধ, ক্ষতিগ্রস্তদের সহায়তা, শিক্ষা, প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা এবং ইহুদি কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে।


ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz