অবসর সঞ্চয়ের ভুল সংশোধনে নতুন উদ্যোগ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৩:০৫ , চলতি সংখ্যা
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) ও অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস) অবসরকালীন সঞ্চয় পরিকল্পনায় অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ বাড়িয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত অবসর হিসাবের (আইআরএ) নির্দিষ্ট ভুল সংশোধনের জন্য নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য অবসর সঞ্চয় পরিচালনায় জটিলতা কমানো এবং কর আইন মেনে চলার প্রক্রিয়া সহজ করা।
গত ২২ অক্টোবর প্রকাশিত দুটি রাজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এ উদ্যোগের কথা জানানো হয়। আইআরএসের ভাষ্য অনুযায়ী, নতুন ও সংশোধিত ব্যবস্থার ফলে অবসরকালীন সঞ্চয় পরিকল্পনায় নির্দিষ্ট কিছু ভুল দ্রুত ও সহজে সংশোধন করা সম্ভব হবে।
আইআরএসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক জে. বিসিগনানো বলেন, নতুন উদ্যোগের মাধ্যমে কর্মীদের অবসর পরিকল্পনা ও ব্যক্তিগত অবসর হিসাবের সাধারণ ভুল সংশোধনের পদ্ধতি সহজ করা হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
নতুন নিয়মের আওতায় কর্মীদের অবসর পরিকল্পনার সংশোধনব্যবস্থা বা এমপ্লয়ি প্ল্যানস কমপ্লায়েন্স রেজোলিউশন সিস্টেম (ইপিসিআরএস) সম্প্রসারণ করা হয়েছে। রাজস্ব প্রক্রিয়া ২০২৬-৩৪-এর মাধ্যমে আগের কাঠামো হালনাগাদ করা হয়েছে। এ ব্যবস্থা ২২ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে। এর আওতায় যোগ্য অবসর পরিকল্পনার পরিচালনাকারীরা নির্দিষ্ট ত্রুটি স্বউদ্যোগে সংশোধন, স্বেচ্ছায় সংশোধন কিংবা নিরীক্ষা-সংক্রান্ত সমঝোতার মাধ্যমে সমাধান করতে পারবেন। যোগ্য কর্মী অবসর পরিকল্পনা, ৪০৩(বি) পরিকল্পনা, সরলীকৃত কর্মচারী পেনশন (এসইপি) এবং সিম্পল আইআরএ পরিকল্পনা এর অন্তর্ভুক্ত।
অন্যদিকে ব্যক্তিগত অবসর হিসাবের জন্য আইআরএ কমপ্লায়েন্স রেজোলিউশন সিস্টেম (আইসিআরএস) নামে নতুন কর্মসূচি প্রতিষ্ঠা করা হয়েছে। ২০২২ সালের সিকিউর ২.০ আইনের আওতায় নেওয়া এ উদ্যোগ নির্দিষ্ট শর্ত পূরণকারী অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ দেবে। তবে এ কর্মসূচি ২০২৭ সালের ১ মে থেকে কার্যকর হবে।
নতুন ব্যবস্থায় অবসর হিসাব থেকে অর্থ উত্তোলনের পর অন্য অবসর পরিকল্পনা বা আইআরএতে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে ৬০ দিনের সময়সীমা মওকুফের আবেদন করার সুযোগও রাখা হয়েছে। সাধারণত নির্ধারিত সময়ের মধ্যে অর্থ স্থানান্তর করতে হয়। বিশেষ পরিস্থিতিতে এ সময়সীমা মওকুফের জন্য আইআরএসের অনুমতি প্রয়োজন হতে পারে। ২০২৭ ও ২০২৮ সালে এ ধরনের আবেদন ধাপে ধাপে নতুন কর্মসূচির আওতায় আনা হবে।
তবে সব ধরনের ভুল এ ব্যবস্থায় সংশোধন করা যাবে না। আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট করদাতা, অবসর পরিকল্পনার পরিচালনাকারী এবং আইআরএ হিসাবের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা ভালোভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]