সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

স্ত্রীর সঙ্গে এনভিডিয়া প্রধানের ‘সম্পর্ক’ মেনে নিয়েছিলেন স্বামী

স্ত্রীর সঙ্গে এনভিডিয়া প্রধানের ‘সম্পর্ক’ মেনে নিয়েছিলেন স্বামী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন তারই স্বামী কাং ওয়েই। অথচ পরে অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাং ওয়েই প্রায় এক দশক ধরে জেনসেন হুয়াংকে চিনতেন। তিনিই একসময় হুয়াংয়ের সঙ্গে নিজের স্ত্রী অ্যালিসের পরিচয় করিয়ে দেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই বছর ধরে কাং স্ত্রীর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছিলেন বলে তাদের পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন। এমনকি পরিচিতদের কাছে অ্যালিসকে কখনো কখনো জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সহকারী বলে আধা-মজার ছলে উল্লেখ করতেন কাং।

ব্যবসায়িক সম্পর্ক থেকে ঘনিষ্ঠতা

প্রতিবেদনে বলা হয়েছে, কাং ওয়েই ও অ্যালিস হুয়াং গত এক দশকে চীন, সিঙ্গাপুর ও তাইওয়ানে বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। ভিডিও গেম, ওষুধশিল্প এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো খাতে তারা একের পর এক ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলেন।

কাং আগে চীনের একজন পরিচিত তহবিল ব্যবস্থাপক ছিলেন। ২০১০ সালে তিনি সাংহাই হেক্সি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১৬ সাল থেকে অ্যালিসও তার সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনায় যুক্ত হন।

২০১৮ সালে একটি চীনা ওষুধ কোম্পানির শেয়ার কেনাবেচায় নিজেদের মালিকানার তথ্য প্রকাশ না করাসহ কয়েকটি অনিয়মের অভিযোগে কাং ও তার প্রতিষ্ঠানকে জরিমানা করে দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

পরে তারা ক্লাউড কম্পিউটিং ব্যবসায় যুক্ত হন। ২০২৩ সালে সিঙ্গাপুরে মেগাস্পিড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। অ্যালিস প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে নিবন্ধিত হন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ক্লাউড পার্টনার হিসেবেও স্বীকৃতি পায়।

এনভিডিয়ার চিপ নিয়ে তদন্ত

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

অভিযোগ অনুযায়ী, মেগাস্পিড এনভিডিয়ার কিছু চিপ মালয়েশিয়ার তথ্যকেন্দ্রে ব্যবহারের পাশাপাশি চীনের একটি ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানেও পাঠিয়েছিল। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট উন্নত এনভিডিয়া চিপ সরাসরি চীনে রপ্তানি নিষিদ্ধ।

তবে মেগাস্পিডের দাবি, তারা সব প্রযোজ্য রপ্তানি আইন ও বিধিনিষেধ মেনেই ব্যবসা পরিচালনা করেছে।

অ্যালিসের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতার সন্দেহ

অ্যালিস হুয়াংকে ঘিরে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এনভিডিয়া প্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে চীনের গোয়েন্দা সংস্থা তাকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে থাকতে পারে। তবে এটি এখনো অভিযোগ ও সন্দেহের পর্যায়ে রয়েছে। চীন সরকার এমন গোয়েন্দা তৎপরতার অভিযোগ অস্বীকার করেছে।

তাইওয়ানের কর্তৃপক্ষ অ্যালিসের প্রবেশের অনুমতি বাতিল করেছে। তার সফরের সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ বা দেশটির অনুপ্রবেশবিরোধী আইন লঙ্ঘনের কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে মেগাস্পিডের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের গ্রীষ্মে অ্যালিসকে সিঙ্গাপুরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেশত্যাগের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সিঙ্গাপুরে ফেরার অনুমতি দেওয়া হয়নি।

কাং ওয়েইকেও চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে শেয়ারবাজারে কারসাজির অভিযোগ-সংক্রান্ত তদন্তের জন্য আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে জেনসেন হুয়াং কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। এতে তিনি পরিবার ও কর্মীদের আস্থায় আঘাত করার জন্য ক্ষমা চান। সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz