সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
কপ-৩১ জলবায়ু সম্মেলন

বিশ্বনেতাদের জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার আহ্বান জাতিসংঘ প্রধানের

বিশ্বনেতাদের জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার আহ্বান জাতিসংঘ প্রধানের

তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের উচ্চ-পর্যায়ের অধিবেশনে ভাষণ দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । ছবি : এএফপি

বিজ্ঞাপন
জ্বালানি তেল ও গ্যাস ব্যবহারকারী জোটের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার আহ্বান জানিয়েছেন। বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকজন নেতার অনুপস্থিতিতে তুরস্কে চলতে থাকা কপ-৩১ জলবায়ু সম্মেলনে আজ বুধবার (১১ নভেম্বর) এ আহ্বান জানান জাতিসংঘ প্রধান। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে প্রাণঘাতী বন্যার মতো ধ্বংসাত্মক একটি বছর পার করার পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোর ওপর সৃষ্টি হওয়া চাপের মুখে এই সপ্তাহে তুরস্কে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী কপ-৩১ (কনফারেন্স অব দ্য পার্টিস) আলোচনা।

ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার এক বিশাল এক্সপো সেন্টারে সমবেত হওয়া বিশ্বনেতাদের উদ্দেশে আন্তোনিও গুতেরেস বলেন, ‘নিষ্ঠুর সত্য হলো জলবায়ু সংকট আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

তবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে থাকা এই কপ-৩১ আলোচনা থেকে বড় কোনো সমঝোতার আশা কমই করা হচ্ছে; কারণ মার্কিন-ইরান যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাতের কারণে তেলের মূল্যে তীব্র অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে দেশগুলো।

জলবায়ু পরিবর্তনের মূল চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে ২০২৩ সালে প্রথমবারের মতো একমত হওয়ার পর থেকে বাৎসরিক এই কপ সম্মেলনগুলোতে সেই লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে জাতিসংঘের সদস্য দেশগুলোকে।

তেল কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানি ব্যবসার কায়েমি স্বার্থ প্রতিনিয়ত আমাদের গ্রহকে ধ্বংস করার পাশাপাশি বিপুল মুনাফা লুটে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যেতে হবে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। ডাইনোসরদের কোনো লবিস্ট ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির শক্তিশালী লবি রয়েছে।’

করতালির মধ্যে আন্তোনিও গুতেরেস বলেন, ‘তাদের কৌশল খুবই সহজ: বিজ্ঞানকে বিকৃত করা, নীতি বাস্তবায়নে বিলম্ব করা, পদক্ষেপে বাধা দেওয়া এবং জবাবদিহিতা এড়ানো। এই কুঅভ্যাস ঝেড়ে ফেলার এবং জীবাশ্ম জ্বালানির আসক্তি চিরতরে শেষ করার এটাই উপযুক্ত সময়।’

২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে মূল এজেন্ডা বানানো গুতেরেসের জন্য আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগে এটিই শেষ কপ সম্মেলন।

আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিতে যাওয়া বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা এবং ইরানের মাসুদ পেজেশকিয়ান।

বিশ্বরাজনীতি ও অর্থনীতির বেশ কিছু বড় নাম এই সম্মেলনে অনুপস্থিত রয়েছে; তবে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামই একমাত্র নেতা যিনি সম্মেলনে ভাষণ দেওয়ার তালিকায় রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভ্যান ডার লেয়েন আনতালিয়ায় এলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সম্মেলন এড়িয়ে যাচ্ছেন।

সবশেষ তালিকা অনুযায়ী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও এই সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছেন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz