সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​তিন গণমাধ্যমের ওপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

​তিন গণমাধ্যমের ওপর ডোনাল্ড  ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

বিজ্ঞাপন
সিএনএন, এমএস নাও ও পলিটিকোর ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক। আদালত জানিয়েছে, গত সপ্তাহে এই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশ নিষিদ্ধ করে তাদের সাংবিধানিক আইনি অধিকার লঙ্ঘন করা হয়েছে- এমন সম্ভাবনা থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক টিমোথি কেলি ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন।
আগামী ১৪ দিনের জন্য এই তিন সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের প্রেস পাস ও হোয়াইট হাউজে প্রবেশাধিকার পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার পর এর বিরুদ্ধে যৌথভাবে আইনি লড়াই শুরু করে তিন সংবাদমাধ্যম।
ট্রাম্প প্রশাসন আদালতে দাবি করেছিল, সংবাদমাধ্যমগুলো ভুয়া তথ্য প্রকাশ করছে এবং এতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তবে আদালত তাদের এই যুক্তি সরাসরি খারিজ করে দিয়েছে।
আদালতের রায়ের বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তবে ট্রাম্পের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিচারক টিমোথি কেলি রায়ে বলেন, আইনি প্রক্রিয়া না মেনে হোয়াইট হাউজ যেভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, তাতে তিন সংবাদমাধ্যমের অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনাই বেশি।
ডোনাল্ড ট্রাম্প যখন গত শুক্রবার প্রথম ওই নিষেধাজ্ঞার ঘোষণা করেন, তখন জাতীয় নিরাপত্তার কোনও কথা উল্লেখ করেননি বলেও মনে করিয়ে দেন বিচারক।
ট্রাম্প সে সময় দাবি করেছিলেন, ওই তিনটি সংবাদমাধ্যম তার ও তার প্রশাসনের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ এবং ‘গল্প বানিয়ে মিথ্যাচার’ করছে।
তবে বিচারক তার রায়ে উল্লেখ করেন, “বাদীদের প্রেস পাস বাতিল করলে সত্যি সত্যি জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে কিংবা মামলা চলাকালে প্রেস পাস ফিরিয়ে দিলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, বিবাদীদের এমন দাবির সপক্ষে নথিপত্রে কোনো তথ্যপ্রমাণ নেই।”
মঙ্গলবার আদালতে জমা দেওয়া নথিতে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজের একটি নতুন বলরুম নির্মাণ সংক্রান্ত কিছু সংবাদ প্রতিবেদনের বিষয় তুলে ধরেছিল।
তবে বিচারক পর্যবেক্ষণ করে জানান, হোয়াইট হাউজ যেসব প্রতিবেদন নিয়ে আপত্তি তুলেছে, সেগুলোর বেশির ভাগই লিখেছেন এমন সব সাংবাদিক যাদের আদৌ প্রবেশপত্র ছিল না। আর যাদের ছিল, তাদের ক্ষেত্রেও দেখা গেছে সংবাদ প্রকাশের জন্য সেই প্রেস পাসের খুব একটা ভূমিকা ছিল না।
প্রতিরক্ষা বিভাগের যে কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরে নিষেধাজ্ঞা সমর্থন করা হয়েছিল, তারা সাংবাদিকদের হোয়াইট হাউজে কাজ করার প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ কোনো ধারণা রাখেন না বলেও মন্তব্য করেন বিচারক।
সংবাদমাধ্যমগুলোর পক্ষে লড়া আইনজীবী টেড বুট্রোস সিএনএন-কে বলেন, “এটি গণমাধ্যমের স্বাধীনতা, যথাযথ আইনি প্রক্রিয়া এবং আইনের শাসনের পক্ষে এক ঐতিহাসিক জয়।”
এর আগে গত সোমবার ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বড় বড় টিভি নেটওয়ার্কগুলো হোয়াইট হাউজের পুল ডিউটি সাময়িকভাবে বয়কট করে। সংবাদ সংগ্রহের খরচ ও স্থান বাঁচাতে মূলধারার গণমাধ্যমগুলো পুল প্রথার মাধ্যমে প্রেসিডেন্ট কাভারেজের তথ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে থাকে।
সিএনএন, এমএস নাও ও পলিটিকোর এই লড়াইয়ে পাশে দাঁড়ায় দেশটির ৪৯টি প্রধান গণমাধ্যম। নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এমনকি ট্রাম্পঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফক্স নিউজও এই মামলার সমর্থনে আদালতে আইনি নথি জমা দিয়েছিল।
ডনাল্ড ট্রাম্প প্রায়ই মার্কিন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেন। ইতিপূর্বে তার প্রশাসন নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও বিবিসির মতো নামিদামি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কোনো কোনো মামলায় সংবাদমাধ্যমগুলো বড় অঙ্কের আর্থিক সমঝোতা করলেও বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz