সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কুইন্সকে সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র করার পরিকল্পনা

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪২
কুইন্সকে সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র করার পরিকল্পনা
বিজ্ঞাপন
নিউইয়র্কের কুইন্স বরোকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জুনিয়র। একই সঙ্গে সাশ্রয়ী আবাসন নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষায় বিনিয়োগ এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
১৩ নভেম্বর কুইন্স থিয়েটারে আয়োজিত বার্ষিক ‘স্টেট অব দ্য বরো’ ভাষণে গত ছয় বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন রিচার্ডস। অনুষ্ঠানে শত শত বাসিন্দা, কমিউনিটি প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভাষণে রিচার্ডস বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা থাকলেও কুইন্সে বসবাস, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য সম্ভাবনাময় পরিবেশ তৈরি হয়েছে। বরোটিকে আরও আধুনিক ও বসবাসের উপযোগী করতে কয়েক হাজার সাশ্রয়ী আবাসন ইউনিট এবং ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর আবাসন সংকট কমানো এবং স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষা খাতের উন্নয়নেও রেকর্ড পরিমাণ বিনিয়োগের কথা উল্লেখ করেন তিনি। সরকারি স্কুলগুলোর শিক্ষার মান, অবকাঠামো ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান।
কুইন্সের বহুজাতিক সংস্কৃতি, সংগীত, শিল্পকলা ও খাবারের বৈচিত্র্যকে কাজে লাগিয়ে বরোটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্রে পরিণত করতে চান রিচার্ডস। তার মতে, পর্যটন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কুইন্সের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কাজে লাগানো সম্ভব।
অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ভ্যান উইক এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ করার অঙ্গীকারও করেন তিনি। গুরুত্বপূর্ণ এই সড়কটি বিমানবন্দর, কর্মস্থল ও বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। এর উন্নয়ন সম্পন্ন হলে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ফ্রাঙ্ক সিনাত্রা স্কুল অব দ্য আর্টসের সংগীতদল, ড্রে/মারিনারো ড্যান্স কোম্পানি এবং রিজউড জ্যাজ ফেস্টিভ্যাল অল-স্টারস সাংস্কৃতিক পরিবেশনা করে। বক্তব্য দেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ, সিটি কাউন্সিল সদস্য সেলভেনা ব্রুকস-পাওয়ার্স এবং স্টেট সিনেটর জেমস স্যান্ডার্স জুনিয়র।
ভাষণের শেষাংশে রিচার্ডস বলেন, কুইন্সের বাসিন্দা ও তাদের পরিবারের সেবায় তার কার্যালয় সব সময় নিয়োজিত রয়েছে। বরোটিকে আরও উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
উল্লেখ্য, বহুজাতিক জনগোষ্ঠী ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে কুইন্স ‘দ্য ওয়ার্ল্ডস বরো’ নামে পরিচিত। আবাসন, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই পরিচিতিকে আরও শক্তিশালী করতে চান ডোনোভান রিচার্ডস।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz