সেন্টার ফর ইনোভেশন থ্রু ডাটা ইন্টেলিজেন্সের নির্বাহী পরিচালক হলেন ভারতী শর্মা

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:১৫ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি শহরের সেন্টার ফর ইনোভেশন থ্রু ডাটা ইন্টেলিজেন্স-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে ভারতী শর্মাকে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

৩০ জুন মেয়র মামদানি বলেন, ভারতী শর্মা তার পুরো কর্মজীবন তথ্য-উপাত্তকে মানুষের জীবনমান উন্নয়নের একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বৈশ্বিক কোভিড-১৯ মহামারির সময় নিউইয়র্ক সিটির জনস্বাস্থ্য ব্যবস্থার নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে সরকারি সেবাকে আরও কার্যকর করার জন্য আধুনিক ডাটা-ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা—সব ক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তার নেতৃত্বে সিটি সরকার আরও উন্নত ও ফলপ্রসূ সেবা দিতে সক্ষম হবে।

স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক ডেপুটি মেয়র ড. হেলেন আর্টিয়াগা বলেন, ভারতী শর্মার অভিজ্ঞতা ও দক্ষতা শহরজুড়ে স্বাস্থ্য ও সামাজিক সেবার সমন্বিত সমাধান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, তিনি নিউইয়র্কবাসীর জন্য কার্যকর সমাধান তৈরিতে অসাধারণ নেতৃত্ব দেবেন।

নবনিযুক্ত নির্বাহী পরিচালক ভারতী শর্মা বলেন, এই দায়িত্বে নিউইয়র্ক সিটির মানুষের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। সিআইডিআই এমন একটি প্রতিষ্ঠান, যেখানে সরকার, তথ্য এবং মানুষের জীবনের বাস্তব প্রভাব একসঙ্গে কাজ করে। জনস্বাস্থ্য ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতায় আমি দেখেছি, সঠিক তথ্য কিংবা তথ্যের অভাব—দুটিই মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। আমি শুনতে, গড়ে তুলতে এবং নিশ্চিত করতে এসেছি যে, ২০১১ সালে প্রতিষ্ঠিত সেন্টার ফর ইনোভেশন থ্রু ডাটা ইন্টেলিজেন্স বিভিন্ন সিটি সংস্থার মধ্যে যৌথ গবেষণা পরিচালনা করে জনসেবার ঘাটতি চিহ্নিত করে এবং সেবার মান উন্নয়নে কাজ করে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও মানবসেবা সংস্থাসহ বিভিন্ন সরকারি অংশীদারের সঙ্গে সমন্বয় করে তথ্য, গবেষণা এবং সহযোগিতার মাধ্যমে নীতিনির্ধারণ ও সেবা প্রদানের কার্যকারিতা বাড়িয়ে থাকে।

ভারতী শর্মা সর্বশেষ এনওয়াইসি হেলথ + হসপিটালস -এ সিনিয়র ডিরেক্টর অব ডাটা অ্যান্ড এআই স্ট্র্যাটেজিক এনাবলমেন্ট অ্যান্ড অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম পৌর স্বাস্থ্যসেবা ব্যবস্থার এই প্রতিষ্ঠানের অধীনে ৭০টিরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ১১টি তীব্র চিকিৎসাসেবা হাসপাতাল রয়েছে।

কোভিড-১৯ মহামারির সময় তিনি পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্য কোভিড-১৯ ইন্টেলিজেন্স হাব প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। এর মাধ্যমে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) সক্ষমতা, জরুরি বিভাগের সেবা, হাসপাতালের শয্যা প্রাপ্যতা, রোগীর চাপ মোকাবিলার পরিকল্পনা, ভেন্টিলেটরের সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে নির্বাহী কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এছাড়া নিউইয়র্ক সিটির কোভিড পরীক্ষা ও টিকাদান কেন্দ্রগুলোর অপেক্ষার সময়-সংক্রান্ত ড্যাশবোর্ড তৈরিতেও তিনি নেতৃত্ব দেন।

মহামারির পর তিনি ডাটা চ্যাম্পিয়ন প্রোগ্রাম চালু করেন, যা পরবর্তীতে পুরো স্বাস্থ্যব্যবস্থায় ৩০০-এর বেশি প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে। পাশাপাশি তিনি ডাটা একাডেমি প্রতিষ্ঠা করেন, যেখানে ৫০০-এর বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে বছরে আনুমানিক ৪.৭৫ থেকে ৫.৫ মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় সাশ্রয় সম্ভব হয়েছে এবং দায়িত্বশীল তথ্য ব্যবহারে এনওয়াইসি হেলথ + হসপিটালসের ডাটা গভর্ন্যান্স কাঠামো জাতীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ভারতী শর্মা ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ডিগ্রির পাশাপাশি হফস্ট্রা ইউনিভার্সিটি থেকে মাস্টার অব হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এবং হ্যারিসবার্গ ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেছেন।

এনওয়াইসি হেলথ + হসপিটালস/এলমহার্স্ট-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. লরা ইয়াভিকোলি  বলেন, কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে ভারতী শর্মার সঙ্গে কাজ করার সুযোগ তার হয়েছে। তিনি বলেন, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, উদ্ভাবনী চিন্তা এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে শর্মা স্বাস্থ্যব্যবস্থাকে সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন।

অন্যদিকে, রিজেনেরন-এর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কর্মকর্তা দিব্যা পাঠক বলেন, ভারতী শর্মা নতুন প্রজন্মের ডাটা ও এআই নেতৃত্বের অন্যতম উদাহরণ। বৃহৎ স্বাস্থ্যব্যবস্থায় দায়িত্বশীল ও কার্যকরভাবে তথ্য ব্যবহারের যে মডেল তিনি তৈরি করেছেন, তা সরকারি খাতে ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড হয়ে থাকবে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]