সেঞ্চুরিয়ন টেস্ট

চমক দিয়ে একাদশ ঘোষণা বাংলাদেশের

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৯ , অনলাইন ভার্সন
ম্যাচের দুদিন আগে থেকেই আলোচনা ছিল তিন নাকি চার পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ! তবে সেঞ্চুরিয়নের উইকেট বরাবরই পেসারদের জন্য সহায়ক। তাই সবচেয়ে বেশি আলোচনা ছিল চার পেসারের। বাংলাদেশের একাদশেও দেখা গেল সেটিই। চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

একাদশে স্পেশালিষ্ট কোনো স্পিনার রাখা হয়নি। আগের ম্যাচে বোলিং অলরাউন্ডার হিসেবে খেলা মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন একাদশ থেকে। তার পরিবর্তে পেসার হিসেবে একাদশে ঢুকেছেন খালেদ আহমেদ।

অন্যদিকে, চোটের কারণে খেলতে না পারা হাসান মাহমুদের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। এদিকে, চোটের কারণে নেই মুশফিকুর রহিমও। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন জাকের আলী অনিক।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

রোদ-বৃষ্টির লুকোচুরি শেষে হলো টস, খেলা শুরু হবে কখন?

সেঞ্চুরিয়নে খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ২টায়। কিন্তু দিনের প্রথম সেশন চলে গেল বৃষ্টির পেটে। বৃষ্টি-রোদের লুকোচুরি শেষে হলো টস। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

জানা গেছে, আর যদি বৃষ্টি না আসে তাহলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে শুরু হবে খেলা।

কোনো বল না খেলেই মধ্যাহ্ন বিরতিতে দুই দল

অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। সেঞ্চুরিয়নে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কিছুটা আশার খবর পাওয়া গিয়েছিল। বৃষ্টি থামার পর কভার সরানোর কাজ করছিলেন মাঠকর্মীরা। কিন্তু তার মাঝেই আবারও শুরু হয় বৃষ্টি। এই অবস্থা দেখে কিছুটা আগেভাগেই প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।

এনটিভির পাঠকদের জানিয়ে রাখা প্রয়োজন, অনলাইনে সম্প্রচারকারী ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর আবারও থেমেছে বৃষ্টি। এমনটা চললে বিরতি শেষে খেলা শুরু হতে পারে। তবে, আবহাওয়ার খবর বলছে, আজ সারাদিনই এমন বৃষ্টির শঙ্কা রয়েছে।

বৃষ্টির কারণে টস হয়নি, কখন শুরু হবে খেলা?

দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সেজন্য দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। তবে ম্যাচ শুরুর অপেক্ষাই বাড়ছে আরও। বৃষ্টি বাঁধায় নির্ধারিত সময়ে টস করাই সম্ভব হয়নি।

আজ সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়ানোর কথা খেলা। নিয়ম অনুযায়ী, আধাঘন্টা আগে অর্থাৎ দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু সেঞ্চুরিয়নে গুঁড়িগুঁড়ি হচ্ছে। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত টস করা সম্ভব হয়নি।

অনলাইনে সম্প্রচারকারী ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সেঞ্চুরিয়নে উইকেট এবং বোলারদের রানআপের জায়গা কভার দিয়ে ঢেকে রেখেছেন মাঠকর্মীরা। আম্পায়াররা ছাতা মাথায় মাঠে নেমে মাঠ পর্যবেক্ষণ করছেন। তবে ঠিক কখন খেলা শুরু হবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]