ভারতীয় গণমাধ্যম

হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ , অনলাইন ভার্সন
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ পর্যালোচনায় ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা সফর করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। তবে তাদের সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি পেট্রাপোল সীমান্ত ও সেখানকার ইমিগ্রেশন কেন্দ্র পরিদর্শন করেছে।

তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন। সিএনএন-নিউজ ১৮ ও নিউজ ১৮-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিনিধিদলটির আগরতলায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

এদিকে এ নিয়ে জল্পনার মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেছেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন। পেট্রাপোল সীমান্ত দিয়েই হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।’

ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের এই সফরের উদ্দেশ্য ভারত-বাংলাদেশ সীমান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]