ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকটের দলের আলোচনা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২০:১০ , অনলাইন ভার্সন
ইসরায়েলে জোট সরকার গঠন করা হবে কি না, সে বিষয়টি খতিয়ে দেখতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন দল রোববার (২২ নভেম্বর) নতুন দফায় আলোচনা শুরু করেছে। খবর এএফপির

টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর তথ্য অনুযায়ী, টানা দ্বিতীয় রোববারে আলোচনার জন্য আইজেনকটের 'ইয়াশার' পার্টি এবং নেতানিয়াহুর 'লিকুদ' পার্টির প্রতিনিধিদল স্থানীয় সময় দুপুর ১টায় (জিএমটি ১১টা) তেল আবিবের কাছে হার্জলিয়ার একটি হোটেলে এই বৈঠক শুরু হয়েছে।

গত অক্টোবরের নির্বাচনে কোনো শিবিরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে; তবে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সাথে জোট, আরব দলগুলোর সাথে সমঝোতা, নাকি লিকুদ পার্টির সাথে জাতীয় ঐক্যের সরকার—কোন পথে জোট গঠন করা হবে, তা নিয়ে আইজেনকটের শিবির এখনো বিভক্ত হয়ে আছে।

শনিবার ইয়াশার পার্টি আলোচনা পুনরায় শুরু করার বিষয়টিকে ‘সম্ভাব্য সরকার গঠনের প্রতি একটি প্রকৃত অঙ্গীকার’ হিসেবে উপস্থাপন করে জানিয়েছে যে, আইজেনকট তাঁর প্রতিনিধিদের সব ধরনের বিকল্প খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

তবে নেতানিয়াহু সমর্থিত একটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে লিকুদ পার্টি তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে। অন্যান্য শর্তের পাশাপাশি দলটি দাবি করেছে যে, বিদায়ী প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারকে লক্ষ্য করে চলা সব ব্যক্তিগত আক্রমণ এবং বিদ্বেষমূলক উসকানি বন্ধ করতে হবে।

এছাড়া আরব দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ইহুদি জনগণের জাতি-রাষ্ট্র হিসেবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে সমর্থনকারী সব দলকে একত্রিত করার আহ্বান জানিয়েছে লিকুদ পার্টি।

প্রত্যাখ্যান

নেতানিয়াহু এবং তাঁর মিত্ররা নিয়মিতভাবে আরব দলগুলোকে লক্ষ্যবস্তু করে থাকেন; এই দলগুলো আইনসভায় রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে এবং তারা নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধী।

লিকুদ পার্টি বেশ কয়েকটি প্রধান নীতিগত অবস্থানের বিষয়েও ঐকমত্য দাবি করছে; বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রত্যাখ্যান করা, সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার ভূখণ্ডগুলোর ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু—অতি-গোঁড়া ইহুদিদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়ে সমঝোতায় পৌঁছানো।

এই দুই নেতার মধ্যে ‘পর্যায়ক্রমে’ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে একটি ঐক্যের সরকার গঠিত হতে পারে, যেখানে প্রত্যেকে পালাক্রমে নির্বাহী বিভাগের নেতৃত্ব দেবেন—যা ইসরায়েলে আগেও চর্চা করা হয়েছে।

তা সত্ত্বেও, আইজেনকট নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তার মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও শনিবার পুনরায় জানিয়েছেন যে, তিনি কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার জোটের সাথে সরকারে যোগ দেবেন না।

শুক্রবার আইজেনকট সতর্ক করে বলেন যে, তিনি এই আলোচনাকে দীর্ঘায়িত হতে দেবেন না এবং তিনি পার্লামেন্টে একটি ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব পেশ করতে প্রস্তুত রয়েছেন।

আইজেনকট সরকার গঠনের এই প্রক্রিয়া স্পষ্ট না করলেও তাঁর বক্তব্য থেকে দুই ধাপের একটি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়- প্রথমে মূল বিরোধী দলগুলোর সমন্বয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন করা এবং পরবর্তীতে সেটিকে সম্প্রসারিত করা।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]